ভারতে ১১ শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট শুরু
ভারতের কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে ও ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। ১১টি ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে সকাল ৬টা থেকে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে এই ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে বাম, কংগ্রেস প্রভাবিত ও বিজেপি বিরোধী রাজ্যে মোটামুটি সাড়া ফেলেছে।
পশ্চিমবঙ্গে এই ধর্মঘটের তেমন প্রভাব পড়েনি। কলকাতার জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে বেসরকারি বাস কম চলছে। রাস্তায় নামানো হয়েছে প্রচুর সরকারি বাস। ধর্মঘট চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কলকাতায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা দিয়েছেন, এই রাজ্যে সাধারণ ধর্মঘট হবে না। কলকাতা পৌর করপোরেশনও শহরজুড়ে ধর্মঘট বিরোধী বহু পোস্টার-ব্যানার লাগিয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মধ্যমগ্রামে সরকারি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ধর্মঘটের মুম্বাই, বেঙ্গালুরু, ওডিশা, চেন্নাই, কর্ণাটক ও ভুবনেশ্বর প্রভাব পড়েছে। বাস ও ট্রেন আটকে পড়েছে।
ধর্মঘটকে প্রতিহত করার জন্য রাজ্যসরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। নামানো হয় অতিরিক্ত পুলিশ। রাজ্যসরকারও সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ জারি করে।
শ্রমিকদের ১৪ দফা দাবির মধ্যে রয়েছে শ্রম আইন সংশোধন, শ্রমিকদের মাসিক বেতন ১৮ হাজার রুপি করা, দুই টাকা কেজি দরে চাল-গম দেওয়া, শ্রমিকদের মাসিক পেনশন তিন হাজার রুপি করা প্রভৃতি।