ভারতে ৩১ মার্চ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

ভারতে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যক্তির সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ পুরো ভারতে ১৪ ঘণ্টার ‘জনতার কারফিউ’ চলছে। আর এর মধ্যেই ট্রেন যোগাযোগ বন্ধের ঘোষণা এল। খবর এনডিটিভির।
ভারতে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৩৪১। আজ বিহার ও মুম্বাইয়ে নতুন করে দুজনের মৃত্যুর ঘটনা জানা গেছে। সব মিলিয়ে এযাবৎ মারা গেছে ছয়জন।
আজ ভারতের রেলওয়ে বোর্ড যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে পণ্যবাহী ট্রেন চলবে। ১৩ মার্চ ট্রেনে চলাচলকারী ১২ জন যাত্রীর দেহে করোনাভাইরাস শনাক্ত জয়। পরে আরও ১৬ যাত্রীর মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়।
ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে আজ বলা হয়েছে, ‘ট্রেনে ভ্রমণকারী কয়েকজন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ফলে এই পথে যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দয়া করে ট্রেনে ভ্রমণ বন্ধ রাখুন। আপনার নির্ধারিত সব ভ্রমণ বন্ধ রাখুন। নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদ রাখুন।’