ভারতে ৪০১ জন সাংসদ সম্পত্তির হিসাব দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ নেওয়ার তিন মাসের মধ্যে ভারতে সাংসদদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব লোকসভার সচিবের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এখনো দেশটির ৪০১ জন সাংসদ তাঁদের সম্পত্তির হিসাব দেননি। ২০০৪ সালের ‘মেম্বার্স অব দ্য লোকসভা ডিক্লারেশন অব অ্যাসেট রুলস’ আইন অনুসারে ওই সম্পদ জমা দেওয়ার কথা।
ভারতে ৫৪৩ জন সাংসদ রয়েছেন। গত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তাঁরা সাংসদ হন। বর্তমান সরকার ক্ষমতায় আসে ২০ মে।
সম্পদের হিসাব না দেওয়ার তালিকায় রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, উমা ভারতী, নীতিন গড়কারি, হর্ষবর্ধন, রাধা মোহন সিং, অনন্ত গীতে, অনন্ত কুমার, রাম বিলাস পাসোয়ান প্রমুখ। তালিকায় রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, বীরাপ্পা মইলি, মেহবুবা মুফতি, কিরণ রিজ্জু, উপেন্দ্র কুশওয়া প্রমুখ সাংসদ ও মন্ত্রীও ।
ভারতের তথ্য অধিকার আইনের আওতায় এক আবেদনের পর লোকসভার সচিবালয় এই তথ্য জানিয়েছে। জানানো হয়, হিসাব না দেওয়া ৪০১ জন সাংসদের মধ্যে বিজেপির ২০৯, কংগ্রেসের ৩১, তৃণমূলের ২৭, বিজু জনতা দলের ১৮, শিবসেনার ১৫, তেলেগু দেশমের ১৪, এআইএডিএমকের নয়, টিআরএসের আট, ওয়াইএসআর কংগ্রেসের সাত, লোকজনশক্তি পার্টির ছয়, এনসিপি, সিপিএম ও সমাজবাদী পার্টির চারজন করে, আকালি দল, রাষ্ট্রীয় জনতা দল ও আম আদমি পার্টির তিনজন করে এবং সংযুক্ত জনতা দল ও আপনা দলের দুজন করে সাংসদ রয়েছেন।