ভারতে ৯ দিনে করোনা শনাক্ত ৬ গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবারের তুলনায় মঙ্গলবার ভারতে করোনা শনাক্ত ৫৫ শতাংশ বেড়েছে
ছবি: রয়টার্স

ভারতে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ৩৭ হাজার ৩৭৯ জনের। এ হিসাবে এক দিনে শনাক্ত ৫৫ শতাংশ বেড়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর ভারতে ৯ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। এ হিসাবে ৯ দিনে ভারতে আক্রান্ত ৬ গুণ বেড়েছে। খবর এনডিটিভির

ভারতে মোট ২ হাজার ১৩৫ জনের অমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৫৩ জন মহারাষ্ট্রের। ৪৬৪ জনের অমিক্রন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিল্লি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাপ্তাহিক শনাক্তের হার ২ দশমিক ৬ এবং দৈনিক শনাক্ত বেড়ে এখন ৪ দশমিক ৪ দশমিক ১৮ শতাংশে দাঁড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় করোনায় ৫৩৪ জন মারা গেছেন। এর মধ্যে গত কয়েক মাসে কেরালার ৪৩২ মৃত্যু যোগ করা হয়েছে। কোভিডের সংক্রমণ এভাবে বাড়তে থাকায় দিল্লি ও মহারাষ্ট্রের মতো কিছু রাজ্যে রাত্রিকালীন কারফিউ ছাড়াও অন্যান্য বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বজুড়ে অমিক্রনে আক্রান্ত বাড়ায় করোনার আরও ভয়াবহ নতুন ধরনের প্রাদুর্ভাব শুরুর ঝুঁকি তৈরি হয়েছে। ডব্লিউএইচও বলছে, বিশ্বজুড়ে দাবানলের মতো অমিক্রন ছড়াচ্ছে। তবে অমিক্রনকে প্রথম দিকে যতটা ভয়াবহ মনে করা হয়েছিল, ধরনটি ততটা গুরুতর নয়।

ভারতে সোমবার থেকে ১৫–১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এদিকে এ পর্যন্ত মোট ১৪৭ কোটি ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে ভারত।