ভারতে ৯ মাসে ৭১টি বাঘের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো
ফাইল ছবি: প্রথম আলো

ভারতের মধ্য প্রদেশ রাজ্যকে বলা হয় বাঘের রাজ্য। তবে এই মধ্য প্রদেশে গত ৯ মাসে মারা ১৭টি বাঘের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশে এই সংখ্যা ৭১। ভারতের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের (এনটিসিএ) এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ভারতে ১০০টি বাঘের মৃত্যু হয়েছিল। মধ্য প্রদেশের বাঘের সবচেয়ে বড় দুটি অভয়ারণ্য হলো পেঞ্চ ও বান্ধবগড়। পেঞ্চে রয়েছে ৪১১ বর্গ কিলোমিটারজুড়ে অভয়ারণ্য আর বান্ধবগড়ে ১০৫ বর্গ কিলোমিটারজুড়ে অভয়ারণ্য।

জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের (এনটিসিএ) সমীক্ষায় আরও বলা হয়েছে, এ বছর যে ৭১টি বাঘের মৃত্যু হয়েছে, তার মধ্যে মধ্য প্রদেশে ১৭, কর্ণাটকে ১৪, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড ১২টি করে। উত্তর প্রদেশে ৬, আসামে ৪, কেরালা ও তামিলনাড়ুতে ২টি করে এবং ওডিশা ও রাজস্থানে ১টি করে বাঘের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরেই মধ্য প্রদেশে মারা গেছে ৩টি বাঘ।

সমীক্ষায় বলা হয়, পৃথিবীর ৭০ শতাংশ বাঘের বাস ভারতে। ভারতের ১৭টি রাজ্যের ৫০টি অভয়ারণ্যে এই বাঘ বিচরণ করে।

বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের কর্মী অজয় দুবে অভিযোগ করে বলেন, মধ্য প্রদেশে সরকারি উদাসীনতাই এই বাঘের মৃত্যুর মূল কারণ। ‘বাঘের রাজ্য’ এখন ‘বাঘের মৃত্যুরাজ্য’ হিসেবে পরিণত হয়েছে।

২০০৬ সালে ভারতে ছিল ১ হাজার ৪১১টি বাঘ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭০৬টি। ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬টি। ২০১৬ সালে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৯১টি। ভারতের মোট ৫৩ হাজার ৫৪৭ দশমিক ৫০ বর্গ কিলোমিটারজুড়ে রয়েছে বাঘের অভয়ারণ্য।