ভারতে 'অশোভন' মন্তব্যে শাস্তির বিধান বাতিল
অনলাইনে ‘অশোভন’ মন্তব্যের শাস্তি হিসেবে কারাদণ্ডের বিধানযুক্ত তথ্যপ্রযুক্তি আইনের একটি ধারাকে বাতিল ঘোষণা করেছেন ভারতের উচ্চ আদালত। বাক স্বাধীনতার পক্ষে আন্দোলন করছেন এমন লোকেরা এই রায়কে নিজেদের বিজয় হিসেবে দেখছেন।
আজ মঙ্গলবার দেওয়া এই রায়ে ভারতের সুপ্রিম কোর্ট বলেন, ২০০৯ সালে ভারতের তথ্যপ্রযুক্তি আইন সংশোধন করে যোগ করা ৬৬এ ধারাটি সংবিধানসম্মত নয়। রায়ে বিচারক আর. এফ. নারিমান বলেন ‘৬৬এ ধারাটি সংবিধানসম্মত নয়। এটি বাতিল করতে আমাদের কোনো দ্বিধা নেই। ধারাটির মাধ্যমে মানুষের জানার অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
২০১২ সালে মুম্বাইয়ে একজন কট্টর রাজনীতিবিদের মৃত্যুর পর মুম্বাইয়ের অর্থনৈতিক কেন্দ্রস্থল বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে ফেসবুকে দেওয়া একটি পোস্টের জের ধরে দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল ঘোষণা করেন আদালত।
তবে ওই মামলার জের ধরে ভারতে অনলাইনে সেন্সরশিপ নিয়ে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়। ওই সময়ই শ্রেয়া সিংহল নামের এক শিক্ষার্থী ৬৬এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। আজকের রায়কে তিনি দেখছেন ‘বিরাট বিজয়’ হিসেবে। তিনি বলেন ‘রাজনীতিবিদদের আলাদা এজেন্ডা থাকতে পারে, কিন্তু যেকোনো আইনই জনগণের জন্য হওয়া উচিত’।
২০১২ সালে যে দুজন নারী গ্রেপ্তার হয়েছিলেন তাঁদের একজনের বাবা ফারুক দাধা আদালতের এই রুলিংকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, আইনের ওই ধারাটি ‘কালো আইন’। তিনি বলেন ‘আমার মেয়েসহ যারা এ আইনের বিরুদ্ধে লড়াই করেছে, এ কৃতিত্ব সবার’।
তবে সরকার এ আইনটির প্রয়োগে নির্দেশনা তৈরি করেছিল। আইনটিকে যাতে অসংবিধানিক ঘোষণা করা না হয়, এ জন্য নিজেদের পক্ষে যুক্তিতর্কও উপস্থাপন করেছে আদালতে। তাদের যুক্তি ছিল আইনটি বাতিল হলে মানহানির সম্ভাবনা বাড়বে। কিন্তু আদালত বলেন, আইনটিতে অশ্লীলতার সংজ্ঞাসহ বেশ কিছু ধারা রয়েছে, যেগুলো নির্দিষ্ট নয়। ফলে এর অপব্যবহার হতে পারে।
২০০৯ সালের পর তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারার আওতায় বেশ কিছু লোককে আটক করা হয়। যদিও তাদের কেউ দোষী সাব্যস্ত হয়নি। গত সপ্তাহেই ভিকি খান নামে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি একজন মন্ত্রীকে উদ্ধৃত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে ওই মন্ত্রী সেটি অস্বীকার করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরে অভিযোগটি তুলে নেওয়া হয়। কিন্তু ভিকি ওই ঘটনাটি তাঁর নিজের ও পরিবারের জন্য ‘দুঃস্বপ্ন’ ছিল বলে মনে করেন।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ আজকের এ রায়ের পর বলেন, এ আইনটি সুস্থ সমালোচনাকে রোধ করার জন্য করা হয়নি। তবে তিনি ভিকি খানের আটকের ঘটনা প্রসঙ্গে বলেন, রাজনীতিবিদদের সমালোচনা ‘সহ্য’ করাটা শেখা উচিত। পাশাপাশি ৬৬এ ধারা ব্যবহার করে গ্রেপ্তারের ক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত।
ভারতের তথ্যপ্রযুক্তি আইনের এ ধারাটির মতো একটি ধারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইনেও রয়েছে। ২০১৩ সালে সংশোধিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারার অধীনে সাম্প্রতিক সময়ে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। এতে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ কাজে আগ্রহী হতে পারেন অথবা যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার আশঙ্কা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহলে তার এই কাজ হবে একটি অপরাধ।’
আইন বিশেষজ্ঞরা বলছেন, ৫৭ ধারায় এমনভাবে অপরাধ সংজ্ঞায়িত করা হয়েছে যে, ইন্টারনেটে যেকোনো কর্মকাণ্ডকেই এই আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করার একটা সুযোগ তৈরি হয়েই আছে। আগে এ আইনে মামলা করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন হলেও ২০১৩ সালের সংশোধনীর পর আর অনুমতিও লাগবে না। এই আইনের অধীনে অপরাধসূমহ অজামিনযোগ্য এবং আমলযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে বৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্ত কিংবা নির্দোষ ব্যক্তিও মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন পাবেন না। এ ছাড়া অপরাধ আমলযোগ্য হওয়ায় আদালতের পরোয়ানা ছাড়াই পুলিশ যে কাউকে গ্রেপ্তার করতে পারবে।
আইনটি সম্পর্কে আইনজীবী তানজীব-উল আলম তাঁর একাধিক বক্তব্যে বলেছেন, ‘আইনটির মাধ্যমে মানুষের বাকস্বাধীনতার জায়গাটি, সংবিধানে যেটিকে মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে, সেই অধিকার চরমভাবে হরণ হয়েছে। এই আইন আপনাকে ইন্টারনেটে ব্লগিং বা ফেসবুকে স্ট্যাটাস দিতে বারণ করছে না। কিন্তু যখন আপনি কাজগুলো করতে যাবেন, তখনই আপনার মনে এক ধরনের ভীতি কাজ করবে। ওই ভীতি কাজ করা বা ভীতির পরিবেশ সৃষ্টি করাটাই তো বাকস্বাধীনতার পরিপন্থী। বাকস্বাধীনতার মতো যেসব মৌলিক অধিকার আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার মধ্যে কী ধরনের ভীতি কাজ করছে। আমি তো মনে করি এই আইনে এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়ে আছে, যা আমাদের বাকস্বাধীনতাকে খর্ব করছে। যেহেতু বাকস্বাধীনতা খর্ব করছে, সেহেতু আইনটি সংবিধানবিরোধী। এক কথায় যদি বলি, তাহলে এই আইনের ৫৭ ধারা সংবিধানবিরোধী। এই সংবিধানবিরোধী আইনে পুলিশকে দেওয়া হয়েছে ব্যাপক ক্ষমতা, যা মানুষের বাকস্বাধীনতাকে হরণ করবে।’