ভারতে 'নোটবন্দী' নিয়ে বিরোধী জোটে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোটবন্দীকে কেন্দ্র করে সার্বিক বিজেপিবিরোধী জোট গঠনের উদ্যোগ বড়সড় ধাক্কা খেল। কংগ্রেসের ডাকা বৈঠকে বামপন্থী দলগুলো হাজির না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে না-ও যেতে পারে শারদ পাওয়ারের এনসিপি ও নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল। এআইএডিএমকে এবং বহুজন সমাজ পার্টিও এই বৈঠকে উপস্থিত থাকছে না।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানী দিল্লিতে এই বৈঠক বসছে। তাতে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোমবার দিল্লি এসে পৌঁছেছেন। কিন্তু তার আগেই বিরোধী ঐক্যে ভাঙনের ছবিটা স্পষ্ট। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দেন, তাঁরা এই বৈঠকে উপস্থিত থাকছেন না।
সংসদের শীতকালীন অধিবেশনে প্রধানত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীদের উদ্যোগে বিরোধীরা এক জোট হয়ে নোটবন্দীর বিরুদ্ধে সরব হয়েছিল। মানববন্ধন থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে গিয়ে প্রতিবাদ জানাতে প্রায় সব বিরোধী দলই হাজির ছিল। কিন্তু কংগ্রেসের ডাকা এই সভায় সেই ঐক্যে চিড় ধরল।
সিপিএমের আপত্তি মূলত তাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে কংগ্রেস এই বৈঠক ডাকায়। গতকাল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সংবাদমাধ্যমকে বলেন, সংসদ চলাকালীন সব বিরোধী দলই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। কিন্তু এই বৈঠক ডাকার আগে তাঁদের সঙ্গে পরামর্শ করা হয়নি। অথচ ওটাই ছিল বিরোধী ঐক্যের প্রধান চালিকাশক্তি। সীতারাম বলেন, বৈঠকের কথা জানানোর পর তাঁরা কংগ্রেসের কাছে জানতে চেয়েছিলেন, কাদের এই বৈঠকে ডাকা হয়েছে এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর দেশব্যাপী কোনো যৌথ কর্মসূচি গ্রহণ করা হবে কি না। তিনি বলেন, কংগ্রেস দুটি বিষয়েই কিছু জানায়নি।
নোটবন্দী নিয়ে সংযুক্ত জনতা দল দুই ধরনের মনোভাব নিয়ে চলছে। মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সরাসরি নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অথচ শরদ যাদব নোটবন্দীবিরোধী সমাবেশে যোগ দিয়েছেন। রাজধানীর যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিক্ষোভ সমাবেশেও হাজির হয়েছিলেন। তবে গতকাল দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেন, এই বৈঠকের আলোচ্যসূচি কী, তা জানানো হয়নি। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে ন্যূনতম কোনো কর্মসূচিও গৃহীত হবে কি না সংশয় আছে। তা ছাড়া নোটবন্দী নিয়ে একেকটা রাজনৈতিক দলের একেক ধরনের মত রয়েছে। কাজেই এই বৈঠকে যাওয়া নিয়ে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে একটা সমঝোতা হতে চলেছে। সেই জোটে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলের যোগ দেওয়ার সম্ভাবনাও প্রবল। এই তিন দল মঙ্গলবারের বৈঠকে থাকছে। থাকবে লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, আসামের বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ, কেরালা কংগ্রেস। নোটবন্দীর বিরোধিতা করেছে মায়াবতীর বিএসপিও। কিন্তু সমাজবাদী পার্টি যেহেতু কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে, সেই কারণে মায়াবতীর দল এই বৈঠকে থাকছে না।