ভারতে 'বন্দুকযুদ্ধে' নিষিদ্ধ সিমির পাঁচ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট ইন ইন্ডিয়ার (সিমি) পাঁচ সন্দেহভাজন সদস্য কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। পুলিশি পাহারায় কারাগার থেকে আদালতে নেওয়ার পথে গতকাল মঙ্গলবার গুলিতে নিহত হন তাঁরা। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
রাজ্য পুলিশ বলেছে, গতকাল সিমির পাঁচ সদস্যকে ওয়ারাঙ্গাল কারাগার থেকে ১৫০ কিলোমিটার দূরের রাজধানী হায়দরাবাদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। সিমির সদস্যরা পথে নালগোন্ড জেলার আলাইর এলাকায় চড়াও হন পুলিশ সদস্যদের ওপর। তাঁরা পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিতে নিহত হন সিমির সদস্যরা। পাঁচজনই পুলিশের গাড়িতে মারা যান।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ২০১০ সালে গ্রেপ্তার হওয়া সিমির সদস্য বিকারউদ্দিন আহমেদও আছেন। নিহত অন্য চারজন হলেন সৈয়দ আমজাদ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জাকির ও আজাহার খান।
গত শনিবার নালগোন্ড জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সিমির আরও দুই সদস্য নিহত হন। ওই সময় এক পুলিশ সদস্যও মারা যান।
২০ জন নিহত চন্দন বনে: অন্ধ্রপ্রদেশের দক্ষিণের চন্দনগাছের বনে পুলিশের গুলিতে ২০ জন রক্তচন্দন কাঠের চোরাচালানি নিহত হয়েছে। অঞ্চলটি তামিলনাড়ু রাজ্যের সীমান্ত এলাকায়। নিহতদের মধ্যে ১২ জনই তামিল। এ ঘটনার পর তামিলনাড়ু রাজ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। অন্ধ্রের চিত্তোরের সেশাচালাম বনের গভীরে গতকাল মঙ্গলবার পুলিশ চোরাচালানিদের ওপর হামলা চালায়। বনের ভেতরে এতাগুনতা এলাকায় নয়জন মারা যায়। পরে ভাচ্চিনদু এলাকায় মারা যায় ১১ জন। অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এর আগে এত বেশিসংখ্যক চন্দন কাঠ চোরাচালানি নিহত হয়নি।
রক্তচন্দন বিপন্নপ্রায় প্রজাতির গাছ। ভারতে অন্ধ্রের সেশাচালাম বনে সবচেয়ে বেশি রক্তচন্দনের গাছ আছে। এ ছাড়া এ রাজ্যেরই আরও কয়েকটি এলাকা এবং কর্ণাটকে এর অস্তিত্ব এখনো টিকে আছে।
পুলিশের ডিআইজি কান্তা রাও বলেন, ‘আত্মরক্ষার জন্য পুলিশ চোরাচালানিদের গুলি করেছে। পুলিশ তাদের ধরতেই বনে গিয়েছিল। পুলিশের ওপর চড়াও হওয়ার পরই তাদের ওপর গুলি চালানো হয়।’
তবে তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলো এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আঞ্চলিক দল ডিএমকের প্রধান এম করুণানিধি এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সরকার রক্তচন্দনের চোরাচালান বন্ধ করতে ব্যর্থ হওয়ায় এত বড় ঘটনা ঘটল।’
তামিলনাড়ুর এআইডিএমকের প্রধান ভাইকো এ ঘটনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন। আত্মরক্ষার্থে গুলির ব্যাখ্যাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন পিএমকে নেতা এস রামোদস।