ভারতে 'বন্দুকযুদ্ধে' ২৫ জন নিহতের ঘটনায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ভারতে দুটি পৃথক ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের গুলিতে ২৫ জন নিহত হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি ও সমালোচনা হয়েছে। মঙ্গলবারের ওই দুটি ঘটনায় পুলিশের দেওয়া ব্যাখ্যা নিয়ে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন ছাড়াও রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
গত মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যে পুলিশ হত্যায় অভিযুক্ত পাঁচজন নিহত হয়। পুলিশ তখন বলেছিল, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট ইন ইন্ডিয়ার (সিমি) কর্মী। পুলিশ আদালতে নেওয়ার পথে তারা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে গুলিতে নিহত হয়।
গতকাল বুধবার ভারতের এনডিটিভির অনলাইন সংস্করণে বলা হয়, নিহত একজনের ছবিতে তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। পুলিশ বলেছিল, আদালতের পথে বিকারউদ্দিন আহমদ নামের একজন প্রস্রাব করতে চাইলে তার হাতকড়া খুলে দেওয়া হয়। সে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে।
গতকাল তেলেঙ্গানার রাজ্য পুলিশপ্রধান অনুরাগ শর্মা বলেছেন, ‘তারা সিমির সদস্য, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে, ১৭ জন পুলিশ সদস্য হাতকড়া পরা পাঁচজনকে কেন নিয়ন্ত্রণ করতে পারল না? এই ঘটনায় কোনো পুলিশ কেন সামান্যও আহত হয়নি?
এদিকে পাশের রাজ্য অন্ধ্র প্রদেশে মঙ্গলবার ২০ জন কথিত ‘কাঠের চোরাকারবারি’ নিহত হওয়ার ঘটনায়ও সমালোচনা চলছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিরা চোরাই কাঠ ব্যবসায়ী এবং তারা পুলিশের ওপর হামলা করেছিল। পুলিশ বাধ্য হয়ে গুলি ছোড়ে। এ নিয়ে দুই রাজ্যে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়। জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কেজি বালাকৃষ্ণান রাজ্য সরকারকে এ ঘটনার বিষয়ে নোটিশ দিয়েছেন।