ভারতে 'যুক্তিবাদী' শিক্ষক গুলিতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এম কালবুর্গি
এম এম কালবুর্গি

ভারতের কর্ণাটক রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এম কালবুর্গি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খুন হয়েছেন। আজ রোববার সকালে তাঁকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। তিনি একজন যুক্তিবাদী চিন্তক এবং হিন্দু ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান, বিশেষত প্রতিমা পূজার কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ধর্মীয় ও বিভিন্ন সামাজিক বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।
ধারণা করা হচ্ছে, হিন্দু ধর্মবিরোধী আদর্শিক অবস্থানের কারণে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। এম এম কালবুর্গি সাহিত্য একাডেমি জয়ী একজন লেখক ও গবেষক ছিলেন।
এ নিয়ে গত কয়েক বছরে ভারতে চার জন যুক্তিবাদী চিন্তাবিদ খুন হলেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কর্নাটক রাজ্যের দারবাদ এলাকার কালিনগরে নিজ বাড়িতে এম এম কালবুর্গি বন্দুকধারীর গুলিতে খুন হন।
রবীন্দ্র প্রসাদ বলেন, ‘ড. কালবুর্গিকে সকাল আটটা ৪০ মিনিটে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে।’ ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বন্দুকধারীরা বাড়িতে এসে প্রথমে কলিং বেল বাজায়। দরজা খোলার পরই কালবুর্গির কপালে ও বুকে গুলি করা হয়।’ তিনি আরও বলেন, আক্রমণকারীরা সংখ্যায় ছিল দুজন। তাঁরা মোটরসাইকেলে এসেছিল। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

একজন শিক্ষাবিদ ইউ আর অনন্তমুর্তি বলেন, কালবুর্গি তাঁর লেখা ও বক্তৃতার জন্য ডানপন্থিদের নজরদারিতে ছিলেন। স্থানীয়রা জানান, এম এম কালবুর্গি অনেক হুমকি-ধামকি পেয়েছেন। কিন্তু তিনি এগুলোকে গুরুত্ব দিতেন না।