ভারতে 'হটস্পট'-এ লকডাউন চলবে

মে মাসেও ভারতের রাজ্যে রাজ্যে করোনাপ্রবণ ‘হটস্পট’ এলাকাগুলোয় লকডাউন চলবে। অন্যত্র জনজীবন ক্রমেই স্বাভাবিক করে তোলা হবে। আজ সোমবার ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইঙ্গিত দিয়েছেন।
গত ২৪ মার্চ থেকে সমগ্র ভারতে যে লকডাউন শুরু হয়েছে, তা ৩ মে পর্যন্ত চলার কথা। কিন্তু তার পরও এই লকডাউন চলা উচিত কি না, রাজ্যগুলোর করোনা পরিস্থিতি কী রকম, কার কী প্রয়োজন, তা জানতে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সের আয়োজন করেন। সরকারি সূত্র অনুযায়ী, ৩ মের পরও গোটা দেশ থেকে লকডাউন প্রত্যাহার করা হচ্ছে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘“দো গজ দুরি” বা দুই গজের দূরত্ব সবাইকে বজায় রাখতেই হবে। আরও কিছুদিন মাস্ক আমাদের জনজীবনের অঙ্গ হয়ে থাকবে।’ গত রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি মুসলমানদের উদ্দেশে বলেছিলেন, ‘আরও বেশি করে “ইবাদত” করুন, যাতে ঈদের আগেই বিশ্ব করোনামুক্ত হতে পারে।’ মনে করা হচ্ছে, মে মাসের তৃতীয় সপ্তাহের শুরু পর্যন্ত সম্ভবত লকডাউন চলবে।
সরকারের দুশ্চিন্তা বিভিন্ন রাজ্যের করোনাপ্রবণ এলাকা নিয়ে, যেখানে সংক্রমণের হার কমছে না। এই এলাকাগুলোই ‘হটস্পট’। সংক্রমণের হার অনুযায়ী এগুলো ‘রেড জোন’। যেখানে সংক্রমণের হার ক্রমেই কমে চলেছে, সেগুলো ‘অরেঞ্জ জোন’। আর যেসব এলাকায় একেবারেই আর সংক্রমণ হচ্ছে না, সেগুলো ‘গ্রিন জোন’। প্রধানমন্ত্রীর ইঙ্গিত, রেড জোনে লকডাউন যেমন চলছে, তেমনই চলবে। তবে গ্রিন ও অরেঞ্জ জোনে ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ৩ মের পর রাজ্যের কোথায় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, মুখ্যমন্ত্রীরা যেন সেই ছক আগেভাগেই কষে রাখেন।
সরকারি সূত্র অনুযায়ী, ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন তুলে নেওয়ার পক্ষে মত দেন। বাকি ৪ জন এখনই পুরোপুরি তুলে নেওয়ার বিপক্ষে। কিন্তু প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, রেড জোন এলাকায় কোনো অবস্থাতেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। মুখ্যমন্ত্রীদের আর্থিক সহায়তা নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করেন মোদি। বলেন, অর্থনীতি ভালো অবস্থানেই রয়েছে।
ক্ষেত্রবিশেষে লকডাউন তোলা হলেও গণপরিবহনব্যবস্থা স্বাভাবিক হবে না বলেই সূত্রের খবর। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আরও কিছুদিন বন্ধ থাকবে। বন্ধ থাকবে বড় বড় শপিং মল ও বিনোদনকেন্দ্র। সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। সরকার এমন কিছু করতে চায় না, যাতে করোনার লেখচিত্র দক্ষিণ থেকে আবার উত্তরমুখী হয়ে যায়।
চীনকে দেওয়া করোনা পরীক্ষার কিটের বরাত আজ বাতিল করে দিল ভারত। চীনের দুটি সংস্থাকে এই বরাত দেওয়া হয়েছিল। তাদের তৈরি কিট ‘অযোগ্য’ বলে রায় দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। ওই দুই সংস্থার কিট দিয়ে করোনা পরীক্ষা না করার নির্দেশও জারি করা হয়েছে। চলতি মাসেই ৫ লাখ কিট আনার সিদ্ধান্ত হয়।