ভারতের অংশ হওয়া ছিটমহলে উড়ল ভারতীয় পতাকা
ভারতের পতাকা উড়ল ছিটমহল থেকে সদ্য যুক্ত হওয়া ভারতের অংশগুলোতে। ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল গতকাল শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিনিময়ের পর আজ শনিবার সকাল ৯টায় ভারতের অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের সাবেক ৫১টি ছিটমহলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া গতকাল সারা রাত ধরে এলাকাগুলোতে চলেছে আনন্দ উৎসব।
আজ সকাল নয়টায় সাবেক পোয়াতুরকুঠি ছিটমহলে তৈরি বিশেষ মঞ্চে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার। একই সময়ে সাবেক পশ্চিম বাকালিরছড়া ছিটমহলে ভারতের পতাকা তোলেন কোচবিহারের অতিরিক্ত জেলা প্রশাসক। পতাকা উত্তোলনের সময় বাজানো হয় ভারতের জাতীয় সংগীত।
পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক সাবেক ৫১টি ছিটমহলের বাসিন্দাদের ভারতীয় নাগরিক হওয়ার সুবাদে অভিনন্দন জানান। বলেন, এখন থেকে আপনারা ভারতের নাগরিক। এখানকার নাগরিকদের সঙ্গে সমানভাবে ভারতের সংবিধানের সব মৌলিক অধিকার ভোগ করবেন। এই সব এলাকার উন্নয়নের জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিবিধ পরিকল্পনা এবং পুনর্বাসনের বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে।
সাবেক পোয়াতুরকুঠি ছিটমহলের সমন্বয় সম্পাদক সাহেব আলী এবং সাবেক পশ্চিম বাকালিরচর ছিটমহলের সমন্বয় সম্পাদক গোবিন্দ বর্মণ আজ প্রথম আলোকে বলেন, কোচবিহার জেলা প্রশাসন অঞ্চলগুলোর উন্নয়নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করার জন্য প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। আমরাও উন্নয়নে শামিল হতে চাই। তাঁরা বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে ভারতজুড়ে চলা সপ্তাহব্যাপী শোকের কারণে আজ আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
সাহেব আলী প্রথম আলোকে বলেন, ৫ আগস্ট সাবেক ৫১টি ছিটমহলে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এ দিন সন্ধ্যা থেকে সারা রাত ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মমতার শুভেচ্ছা: অঞ্চলগুলো ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। নতুন করে স্বাধীনতা পেলেন ছিটমহলের ১৫ হাজার মানুষ। ঐতিহাসিক সীমান্ত চুক্তি এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ নিজস্ব পরিচয় পেলেন। ওঁদের শুভেচ্ছা ও অভিনন্দন।’