ভারতের আইনজীবী প্রশান্ত আদালত অবমাননায় দণ্ডিত
ভারতের আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে এক রুপি জরিমানা করা হয়েছে, অনাদায়ে তিন মাসের জেল। আজ সোমবার ভারতের সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির প্রধান বিচারপতি এস এ বোবদে ও সুপ্রিম কোর্টের সমালোচনা করে করা একাধিক টুইটের জন্য প্রশান্ত ভূষণ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হলেন।
সুপ্রিম কোর্ট রায়ে বলেন, আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণকে এক রুপি জরিমানা করা হলো। তিনি যদি ১৫ সেপ্টেম্বর মধ্যে জরিমানার অর্থ না দেন, তাহলে তাঁর তিন মাসের কারাদণ্ড হবে। এ ছাড়া তাঁকে তিন বছরের জন্য আইনচর্চায় নিষিদ্ধ করা হবে।
প্রশান্ত ভূষণ সাংবাদিকদের বলেন, জরিমানার অর্থ দেবেন, নাকি অন্য বিকল্প খুঁজবেন, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন।
প্রশান্ত ভূষণকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেছিলেন আদালত। তাঁকে তাঁর করা অবমাননাসূচক মন্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছিল। মন্তব্যের জন্য তাঁকে দুঃখ প্রকাশ করতে বলা হয়েছিল। এ জন্য তাঁকে একাধিক সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু প্রশান্ত ভূষণ তা করেননি।
প্রশান্ত ভূষণ বলেন, আদালতের প্রতি করা মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার অর্থ হবে নিজের বিবেকের প্রতি অবমাননা।
একটি টুইটে প্রশান্ত ভূষণ বলেছিলেন, গত ছয় বছরে শেষ চারজন প্রধান বিচারপতি ভারতের গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছেন।