ভারতের ইতিহাস সংশোধন করতে চান রাজনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং। ছবি: এএফপি
রাজনাথ সিং। ছবি: এএফপি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দেশটির ইতিহাসবিদদের নতুন করে ইতিহাস রচনার বিষয়টি বিবেচনা করতে বলেছেন। নতুন ইতিহাসে মুঘল আমলে ভারতের মেওয়ারের শাসক মহারানা প্রতাপ সিংকে অধিক মূল্যায়ন করতে বলেছেন তিনি।

আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় মহারানা প্রতাপের একটি প্রতিমূর্তি উন্মোচনের সময় এমন কথা বলেন রাজনাথ।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসবিদেরা “আকবর দ্য গ্রেট” লেখায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু “প্রতাপ দ্য গ্রেট” হবে না কেন? ’

রাজনাথের দাবি, মেওয়ার অঞ্চলে প্রতাপ যে সাহসিকতা ও ত্যাগ দেখিয়েছেন, তা সমানভাবে মনে গভীর ছাপ ফেলে। তাঁকে আরও সম্মান ও মর্যাদা দেওয়া উচিত।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মহারানা প্রতাপকে মহান হিসেবে বিবেচনা করি।’

ইতিহাসবিদদের উদ্দেশে রাজনাথের আহ্বান, ‘সঠিকভাবে ইতিহাস উপস্থাপন করা উচিত। পরবর্তী প্রজন্মের সামনে প্রতাপকে অবশ্যই মহান হিসেবে পরিচিত করা উচিত।’