ভারতের উত্তর-পূর্বের রেল যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের রেল যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। রেলকর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর জওয়ানেরা হাত লাগিয়েও বন্যায় ভেসে যাওয়া মহানন্দার নির্মিত সেতুটি মেরামত করতে না পারায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। তবে আগামী ৩ সেপ্টেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন এই পথে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ১৩ আগস্ট থেকে বিচ্ছিন্ন রয়েছে। ওই দিন বিহারের কাটিহারের কাছে সুধানি ও তালটার মধ্যে অবস্থিত ওই রেলসেতুর মাটি ধসে যায়।

গত সোমবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা প্রণব জ্যোতি শর্মা জানান, বহু কষ্টে আপ লাইনটিতে ওই দিন দুপুরে পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালানো হয়। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে মালগাড়িটি নিরাপদেই পার হয়। তবে যাত্রী পরিবহন আগামী ৩ সেপ্টেম্বরের আগে সম্ভব নয়।

জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় গতকাল পর্যন্ত এনএফ রেলের ৮৮১টি মেল এক্সপ্রেস এবং ৪৮৪টি যাত্রীবাহী ট্রেন বাতিল করতে হয়েছে। এতে ক্ষতি হয়েছে ৪৭ কোটি ৫৩ লাখ রুপি। মোট ক্ষতির পরিমাণ ১০০ কোটি ছাড়িয়ে যাবে।