ভারতের উত্তরাঞ্চলে শৈতপ্রবাহে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ ও তুষারপাতে গত দুই দিনে ৩০ জন মানুষ মারা গেছে। দেশটির দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, হিমাচল প্রদেশেও ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে। পাহাড়ি এলাকা থেকে বয়ে আসা হিমশীতল বায়ুপ্রবাহের কারণে উত্তর প্রদেশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। লক্ষ্ণৌয়ে তাপমাত্রা ধারণ করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি উত্তর প্রদেশের অন্য সব এলাকার মধ্যে সর্বনিম্ন।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সামনের দিনগুলোতে ওই এলাকার রাতের তাপমাত্রা আরও কমে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

উত্তরাখণ্ড রাজ্যের কুমাওন অঞ্চলে গত দুদিনে তীব্র শীতে প্রাণ হারিয়েছে ১৩ জন। এ ছাড়া নৈনিতালে তিনজন, হালদোয়ানি এলাকায় দুজন, বাগেশ্বরে তিনজন, ভীমতালে একজন। পিথোরাগড় জেলায় তুষারের কারণে সড়ক থেকে পিছলে পড়ে ব্যক্তিগত গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। খারাপ আবহাওয়ার কারণে হতাহতের বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

উত্তরাখণ্ডের আলমোরা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১, পিথোরাগড়ে ৩ ও বাগেশ্বরে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করা হয়েছে। তুষারপাতের পরিমাণ আলমোরা জেলায় ৪০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে, পিথোরাগড়ে নয় বছরের। এ ছাড়া এবার বাগেশ্বরে যে পরিমাণ তুষারপাত হয়েছে, গত ৪৬ বছরে এমনটা হয়নি।

তুষারপাতের কারণে উত্তরাখণ্ডের সড়ক চলাচল ব্যবস্থা ব্যাহত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকার সড়কে শত শত যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে।