ভারতের কারাগারে মৃত্যুর তালিকায় শীর্ষে উত্তর প্রদেশ
ভারতের বিভিন্ন কারাগারে গত ১১ মাসে মৃত্যুর তালিকায় এবার পশ্চিমবঙ্গের নাম উঠে এসেছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ।
গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির লোকসভায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের ১ এপ্রিল থেকে এ বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ১১ মাসে দেশের বিভিন্ন কারাগারে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩০ জন। তাঁদের বিরুদ্ধে মামলা বিচারাধীন ছিল। আর পুলিশ হেফাজতে মারা গেছে ১৪৪ জন।
এই মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। এখানে ৩৬৫ জন বন্দী মারা গেছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে বন্দী মৃত্যুর সংখ্যা ১২৭ জন। অন্যদিকে ১১৮টি করে বন্দী মৃত্যুর ঘটনা ঘটেছে পাঞ্জাব ও মহারাষ্ট্রে ।
এরপর রয়েছে মধ্য প্রদেশ ও বিহারের স্থান। মধ্য প্রদেশে বন্দী মৃত্যুর ঘটনা ঘটেছে ১০৭টি এবং বিহারে ঘটেছে ১০২টি বন্দী মৃত্যুর ঘটনা।