ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চান সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল রাজ্যে রাষ্ট্রপতির শাসনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সীমান্ত রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করেন। খবর এনডিটিভির।
অরুণাচলে ক্ষমতাসীন কংগ্রেস দল এবং অরুণাচল বিধানসভায় কংগ্রেসদলীয় স্পিকার নাবাম রাবিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল জরুরি ভিত্তিতে শুনানি করেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জে এস খাক্কর এবং সি নাগাপ্পানের দ্বৈত বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে বেঞ্চ দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির শাসনের ব্যাখ্যা চান। আদালত অরুণাচলের রাজ্যপালকে দেওয়া নোটিশে বলেন, ‘আপনি রাজ্যে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত দিয়েছিলেন। এর জন্যই রাষ্ট্রপতির শাসন দেওয়া হয়েছে। এখন এ বিষয়ে আপনার ব্যাখ্যা চাই।’
কেন্দ্রীয় মন্ত্রিসভার জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভাকে বহাল রেখেই সেখানে রাষ্ট্রপতির শাসন জারির নির্দেশে স্বাক্ষর করেন প্রণব মুখার্জি।
অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি ও তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা কালিখো পুলের ক্ষমতা দখলের লড়াইয়ে দেড় মাস ধরে অরুণাচলে কার্যত অচলাবস্থা চলছে। এই বিরোধ শুরু হয় গত বছরের জুলাই মাস থেকে।
৬০ আসনের বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৪৭। জুলাইয়ে দলের মধ্যে বিদ্রোহ করে বসেন ২১ জন বিধায়ক। এঁদের নেতৃত্বে আছেন কংগ্রেস নেতা কালিখো পুল। বিধানসভায় বিজেপির ১১ সদস্য রয়েছেন। কংগ্রেসি বিদ্রোহীদের বিজেপিই উসকে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এঁরা মিলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী নাবাম টুকির সরকারের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে কংগ্রেস ডেপুটি স্পিকারসহ ১৪ জন বিদ্রোহীকে দল থেকে বের করে দেয়।
রাজ্যপাল জ্যোতিপ্রসাদ রাজখোয়া গত ডিসেম্বরে বিধানসভার অধিবেশন ডাকতে বললেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয়ে মুখ্যমন্ত্রী রাজি হননি। পরে বহিষ্কৃত ডেপুটি স্পিকার বিধানসভার বাইরে অধিবেশন বসান। কালিখো পুলের সঙ্গে থাকা বিধায়কেরা সবাই হাজির হন সেই অধিবেশনে। ৩৩ জন বিধায়ক কালিখো পুলকে তাঁদের নেতা নির্বাচিত করেন। পাশাপাশি স্পিকার নাবাম রিবিয়াকে সংখ্যাগরিষ্ঠের ভোটে অপসারণ করা হয়।