ভারতের ঝাড়খন্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭
ভারতের ঝাড়খন্ডে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত ২৬ জন।
গতকাল বুধবার ঝাড়খন্ডের পাকুড় জেলায় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়।
পুলিশ জানায়, জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে।
বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এটি দেওঘর জেলার জশিডি থেকে সাহিবগঞ্জের বারহরওয়ায় যাচ্ছিল।
বিপরীত দিক থেকে আসা ট্রাকটি গ্যাসের সিলিন্ডার পরিবহন করছিল।
সংঘর্ষের পর বাসের ভেতরে বেশ কিছু যাত্রী আটকে পড়েন। পরে গ্যাসের কাটার দিয়ে বাস কেটে তাঁদের উদ্ধার করা হয়।
তবে দুর্ঘটনায় ট্রাকে থাকা গ্যাসের কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি।
পুলিশের কর্মকর্তারা বলেন, এলাকাটিতে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিহত ব্যক্তিদের পরিবারের পাশাপাশি আহত ব্যক্তিদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।