ভারতের তিন বিমানবন্দরে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই চেষ্টার হুমকির কারণে ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার উচ্চ সতর্কতা জারি করা হয়। হুমকির পরিপ্রক্ষিতে একটি  পূর্ণাঙ্গ ছিনতাই মোকাবিলার মহড়া চালানো হয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ডস সদস্যদের প্রস্তুত রাখা হয়।

কর্মকর্তারা বলেছেন, মুম্বাইয়ের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে এক নারী শনিবার ই-মেইল করে ছিনতাই পরিকল্পনার কথা শোনার কথা জানালে ওই সতর্কতা জারি করা হয়। ই-মেইলে ওই নারী বলেন, তিনি এক রেস্তোরাঁয় ছয় ব্যক্তিকে রোববার তিন বিমানবন্দর থেকে একইসঙ্গে তিনটি উড়োজাহাজ ছিনতাইয়ের বিষয়ে কথাবার্তা বলতে শুনে ফেলেন।

মুম্বাই পুলিশ এরপর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) সতর্ক করে দেয়। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এ বাহিনীরই। এরপর সন্ত্রাসবিরোধী দল প্রস্তুত রাখা হয়। তারা বিমানবন্দরের প্রবেশপথ ও গাড়ি পার্কিংয়ের স্থানে নজরদারি বাড়িয়েছে। সিআইএসএফ প্রশিক্ষিত কুকুর বাহিনী ও দ্রুত সাড়া দেওয়ার দলকেও তল্লাশির জন্য তলব করে। বিমান সংস্থাগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিমান সংস্থাগুলো তাদের যাত্রীদের শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বিমানবন্দরে না আসার পরামর্শ দিয়েছে।

২০১৫ সালে এ রকমই একটি ছিনতাইয়ের হুমকির খবরের পর সিআইএসএফের কর্মপ্রক্রিয়ায় রদবদল আসে। বিমানবন্দরগুলোতে ছিনতাই-প্রতিরোধী মহড়া হয়। পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হয়। সেবার গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের কাবুল অভিমুখী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের আশঙ্কা প্রকাশ করেছিল।