ভারতের তিন রাজ্য থেকে আংশিক সরছে আফসপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: এএনআই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের (আফসপা) আওতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত বৃহস্পতিবার এক টুইটার পোস্টে তিনি বলেন, নাগাল্যান্ড, আসাম ও মণিপুরে ঘোষিত ‘অশান্ত এলাকা’–এর সীমা কমিয়ে আনা হবে।

আফসপার আওতায় ১৯৯০ সাল থেকে আসামে, ১৯৯৫ সাল থেকে নাগাল্যান্ডে এবং ২০০৪ সাল থেকে মণিপুরে (ইমফাল পৌর এলাকা বাদে) ‘অশান্ত এলাকা’ ঘোষণা করা হয়। বিশেষ সামরিক আইন আফসপার ৪ নম্বর ধারায় লেখা আছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুমতি ছাড়া গুলি চালাতে পারবেন। তাঁরা বিনা সমনে গ্রেপ্তার করার পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন স্থাপনায় ঢুকে তল্লাশি চালাতে পারবেন। এর জন্য তাঁদের কোনো সাজা হবে না। ৬ নম্বর ধারায় বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ আইনে মামলা চালানো যাবে না। অতএব তিন রাজ্যের যে অঞ্চলগুলোতে আফসপা উঠে যাবে, সেখানে নির্বিচার গুলি বা তল্লাশি চালানো বা বিনা পরোয়ানায় গ্রেপ্তারের মতো কাজ নিরাপত্তা বাহিনীর সদস্যরা করতে পারবেন না।

গত ডিসেম্বরে নাগাল্যান্ড রাজ্যের মোন জেলায় সেনাবাহিনীর গুলিতে ১৪ জন সাধারণ মানুষের মৃত্যুর পর উত্তর-পূর্ব ভারতের অনেক অঞ্চলে আফসপা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়।

এমন অবস্থায় বৃহস্পতিবার টুইটার পোস্টে অমিত শাহ তিন রাজ্যে আফসপার আওতা কমিয়ে নেওয়ার ঘোষণা দেন। তিনি লিখেছেন, আফসপার সীমানা কমিয়ে আনার কারণে ওই অঞ্চলে নিরাপত্তা অবস্থার উন্নতি হয়েছে। ওই অঞ্চলের মানুষ উন্নয়নের মুখ দেখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বে নানা চুক্তি সই হয়েছে, উত্তর-পূর্ব ভারতের জঙ্গিবাদের অবসান হয়ে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

তবে সেনা কর্মকর্তাদের কেউ কেউ একে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। তাঁদের মতে, যেসব এলাকা থেকে এ আইন তুলে নেওয়া হবে, সেখান থেকে সেনাসদস্যদেরও প্রত্যাহার করে নিতে হবে। এ আইনকে সেনাসদস্যদের জন্য রক্ষাকবচ বলে মনে করেন তাঁরা।

ভারতীয় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্নেল প্রথম আলোকে বলেন, আফসপা না থাকলে সেনাবাহিনীর পক্ষে পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করা সম্ভব নয়। আফসপা তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করে। তাদের যদি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার দায়িত্ব দেওয়া হয়, তবে তার সঙ্গে সঙ্গেই আফসপার মতো বিশেষ রক্ষাকবচও দিতে হবে। যাতে তারা সাধারণ বেসামরিক আইনের আওতায় না পড়ে। তা যদি পড়ে, তবে ছোটখাটো অপরাধের জন্য সেনাবাহিনীর অনেক সদস্যকেই শেষ পর্যন্ত জেলে যেতে হবে, আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়বে।

ওই কর্মকর্তা মনে করেন যেসব অঞ্চল থেকে আফসপা সরানো হচ্ছে, সেসব অঞ্চলে সেনাবাহিনীকে সরিয়ে এখন আধা সামরিক বাহিনী যেমন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েন করতে হবে।

এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে নির্দিষ্ট কোনো অঞ্চল থেকে আফসপা সরানো হবে। তবে যেখানে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেসব অঞ্চল থেকে সরানো হবে না বলেই মনে করা হচ্ছে।