ভারতের তিন রাজ্যে ভোটগণনার প্রতীক্ষা শুরু
উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যেরই ভোট নেওয়া শেষ। তিন পাহাড়ি রাজ্যে আগামী শনিবার ভোটগণনা। তিন রাজ্যেই চলছে বুথফেরত সমীক্ষা নিয়ে বিশ্লেষণ। বেশির ভাগ সমীক্ষায় দেখা গেছে, মেঘালয়ে ক্ষমতাসীন দলই ক্ষমতা ধরে রাখছে। নাগাল্যান্ডে এনপিএফকে হটিয়ে এবার বিজেপির হাত ধরে ক্ষমতায় আসতে পারে আরেক আঞ্চলিক দল এনডিপিপি। কমিউনিস্ট-শাসিত ত্রিপুরা নিয়ে দ্বিধাবিভক্ত সমীক্ষকেরাও।
তিন রাজ্যেরই বিধানসভায় আসনসংখ্যা ৬০। কিন্তু ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভিন্ন ভিন্ন কারণে ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব গতকাল মঙ্গলবার শেষ হলো। ত্রিপুরায় ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। নাগাল্যান্ডেও ভোটের হার ৯০ শতাংশের কাছাকাছি যাবে বলে মুখ্য নির্বাচন আধিকারিক অভিজিৎ সিনহার ধারণা। মেঘালয়ের সিইও ফেডরিক রয় খারকোগনারের অনুমান, ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে তাঁর রাজ্যে।
তিন রাজ্যের মধ্যে সবার নজর ত্রিপুরার দিকে। টানা ২৫ বছর ধরে সিপিএমের সরকার রয়েছে। মানিক সরকার মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন টানা ২০ বছর। এবার ত্রিপুরাতেও বিজেপি শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাম সরকারকে। বুথফেরত সমীক্ষা নিয়ে বিশ্লেষকেরা এবার দ্বিধাবিভক্ত। এক পক্ষ বামদের এগিয়ে রাখলেও আরেক পক্ষের অনুমান, বিজেপিই আসছে ত্রিপুরায়।
কংগ্রেস-শাসিত মেঘালয়ে ভোট শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই রাজ্যের ভোটের পূর্বাভাষ প্রসঙ্গে বেশির ভাগ সমীক্ষক কংগ্রেসকে এগিয়ে রাখছে। খ্রিষ্টান-অধ্যুষিত রাজ্যটিতে বিজেপি তেমন কোনো দাগ ফেলতে পারবে না বলেই সমীক্ষকদের অনুমান।
খ্রিষ্টান-অধ্যুষিত নাগাল্যান্ডে বিজেপি জোট ভালো ফল করবে বলেই বুথফেরত সমীক্ষায় উঠে এসেছে। অনুমান করা হচ্ছে, বিজেপি-এনডিপিপি জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে। ক্ষমতাসীন এনপিএফ সরকার গড়তে ব্যর্থ হবে।
তবে সমীক্ষা যা-ই বলুক না কেন, যুযুধান সব পক্ষই জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। জনগণকে তাঁরা পৃথক পৃথকভাবে শুভেচ্ছাও জানিয়েছেন।
আসল ফল জানা যাবে ৩ মার্চ। ওই দিনই তিন রাজ্যে সকাল আটটা থেকে ভোটগণনা। নির্বাচন কমিশনের অনুমান, দুপুর ১২টার মধ্যেই তিন রাজ্যেই ফলাফলের আভাস পাওয়া যাবে।
ছবি: কড়া পাহারায় রাখা হয়েছে ইভিএম। ২. ভোটদানের পর পরিচয়পত্রসহ বৃদ্ধা।