ভারতের দীর্ঘতম সেতু আসামে
চলতি মাসেই ভারতের দীর্ঘতম নদীসেতু চালু হতে চলেছে। উত্তর-পূর্ব ভারতের আসামে ব্রহ্মপুত্র নদের ওপর ইতিমধ্যেই গড়ে উঠেছে ৯ দশমিক ১৫ কিলোমিটার বা ৫ দশমিক ৬৯ মাইল দীর্ঘ সেতু। এই সেতু চালু হলে আসাম হয়ে সড়কপথে অরুণাচল প্রদেশ যাওয়া অনেকটাই সহজ হবে।
২০১১ সালে কংগ্রেসের জামানায় তিনসুকিয়া জেলার ঢোলা ও শদিয়ার মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিতে শুরু হয় ভারতের দীর্ঘতম সেতুর কাজ। সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয়ের সঙ্গে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হায়দারবাদের নবযুগা নির্মাণ সংস্থা এই কাজে হাত লাগায়। প্রযুক্তিবিদ বি সূর্য রাজুই এই সেতু নির্মাণের মূল কারিগর। তাঁর ঐকান্তিক চেষ্টায় ইতিমধ্যেই রচিত হয় ভারতের দীর্ঘতম সেতু। ১২ দশমিক ৯ মিটার চওড়া এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় হাজার কোটি রুপি।
বর্তমানে বিজেপি-শাসিত আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করে জানিয়েছেন, এই সেতুর উদ্বোধনে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। মোদি সময় দিলেই ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন হবে। তবে এখনো সেতুটির তেমন কোনো নামকরণ করা হয়নি। সরকারি খাতায় এখনো ঢোলা-শদিয়া সেতু নামেই পরিচিত।
এখন ভারতের দীর্ঘতম সেতুটি মহারাষ্ট্রে। ২০০৯ সালে চালু বান্দ্রা ও ওরলির সঙ্গে সংযোগকারী রাজীব গান্ধী সি লিংক সেতুটিই দীর্ঘতম। আরব সাগরে ধারে মাহিম বের ওপর ৫ দশমিক ৬ কিলোমিটার এই সেতুর থেকে ঢোলা-শদিয়া সেতু সাড়ে তিন কিলোমিটার বড়। এখন শুধু প্রতীক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। ঢোলা-শদিয়া সেতু চালু হলে গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর সড়কপথে যেতে অন্তত চার ঘণ্টা সময় সাশ্রয় হবে। ফলে আসামের পাশাপাশি অরুণাচলের মানুষও এখন সেতুটির উদ্বোধনের প্রতীক্ষায়।