ভারতের দীর্ঘতম সেতু উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যে উদ্বোধন হলো দেশটির দীর্ঘতম সেতুর। আসামে জন্ম নেওয়া উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করা হয়েছে।

সরকারের তিন বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার সেতুটির উদ্বোধন করেন। ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর সঙ্গে সাড়ে ২৮ কিলোমিটার সংযোগকারী সড়কেরও উদ্বোধন করেন তিনি।

এ ছাড়াও আজ মোদি গুয়াহাটির উপকণ্ঠে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স (এইমস) এবং এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটেরও উদ্বোধন করেন।
এর আগে সেতু উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নরেন্দ্র মোদি টুইট করেছিলেন। এতে তিনি জানিয়েছেন, আসাম সফরের জন্য তিনি মুখিয়ে আছেন।

প্রয়াত সংগীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মস্থান আসামের সাদিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফেরি। তা-ও সন্ধ্যার পর বা বন্যার সময় এই ফেরি পারাপার ছিল অসম্ভব। ব্রহ্মপুত্রের উভয় পারের বাসিন্দাদের পাশাপাশি অরুণাচল প্রদেশের বাসিন্দাদের এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতু উদ্বোধনের ফলে আসাম থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব সড়কপথে প্রায় চার ঘণ্টা কমে যাবে। ২০১১ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দীর্ঘতম সেতুটির নির্মাণকাজ শুরু করে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, এ সেতু নির্মাণের মধ্য দিয়ে আসামের সঙ্গে অরুণাচল প্রদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাবে।