ভারতের দুই রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন কারা?
ভারতের ঝাড়খন্ড ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে সব আসনের ফলাফল পাওয়া গেছে। ঝাড়খন্ডে সরকার গঠনে প্রয়োজনীয় আসন পেয়েছে বিজেপি। জম্মু-কাশ্মীরে একক গরিষ্ঠ দল হয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। সেখানে সরকার গঠনের কৌশল নিয়ে চলছে হিসাব-নিকাশ। এ ছাড়া দুই রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রীদের নিয়েও আছে বিস্তর আলোচনা।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঝাড়খন্ডে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। রাজ্য বিজেপির ভাইস প্রেসিডেন্ট রঘুবার দাস সেখানকার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ৫৯ বছর বয়সী রঘুবার বলেন, দলের পার্লামেন্টারি বোর্ড ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। তবে রাজ্যের মানুষের সেবা করতে সর্বদা প্রস্তুত আছেন তিনি।
ঝাড়খন্ড বিধানসভার মোট ৮১ আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগীরা (এজেএসইউ ও রামবিলাস পাসোয়ানের এলজেপি) ৪২টি আসনে জিতেছে। সরকার গড়ার জন্য তাদের প্রয়োজন অন্তত ৪১ আসন। এ রাজ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে ১৯টি আসন। ঝাড়খন্ড বিকাশ মোর্চা আটটি, কংগ্রেস ছয়টি এবং অন্যান্য দল ছয়টি আসন পেয়েছে। ১৪ বছর আগে নতুন এই রাজ্য গঠনের পর থেকে একবারের জন্যও কোনো দল নিজেদের শক্তিতে সরকার গড়তে পারেনি। সে হিসেবে এবারের ফল বিজেপির জন্য স্বস্তিদায়ক।
জম্মু-কাশ্মীরে সরকার গঠন নিয়ে নানা হিসাব চলছে। রাজ্যে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি কোনো দল। রাজ্য বিধানসভার মোট ৮৭ আসনের মধ্যে পিডিপি ২৮টি আসন পেয়ে প্রথম দল হয়েছে। ২৫টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে বিজেপি। ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১৫টি আসন পেয়ে তৃতীয় স্থান দখল করেছে। কংগ্রেস পেয়েছে ১২টি আসন। এ ছাড়া অন্যান্য দল সাতটি আসন পেয়েছে।
নির্বাচনের ফল অনুসারে, জম্মু-কাশ্মীরে সরকার গঠনের ক্ষেত্রে প্রথম ডাক পাবে পিডিপি। দলটির নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, সরকার গঠনের ক্ষেত্রে তাঁদের কোনো তাড়া নেই। সম্ভাব্য অংশীদার নিয়ে বিচার-বিশ্লেষণ করছেন তাঁরা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হতে পারেন পিডিপির নেতা মুফতি মোহাম্মদ সাঈদ।