ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল বুধবার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নির্মিত এ ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা থেকে ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় শনাক্ত, গতিবিধি পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটি রাডার রয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইসরায়েলের মতো হাতেগোনা কয়েকটি দেশের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে। অস্ত্র কেনার দিক দিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশ ভারত। তবে বিদেশ থেকে অস্ত্র কেনার চেয়ে দেশটি এখন নিজ দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। রয়টার্স