ভারতের ধনী রাজনৈতিক দল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপি
বিজেপি

ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। দিল্লির ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফরমস’ বা এডিআর তাদের এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে ভারতের নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সাতটি সর্বভারতীয় দলের মধ্যে সবচেয়ে ধনী দল বিজেপি। নির্বাচন কমিশনে পেশ করা ওই সাতটি দলের সম্পদ পর্যালোচনা করে এই রিপোর্ট তৈরি করেছে এডিআর। আজ সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। বিজেপি ছাড়া অন্য সর্বভারতীয় দল হলো জাতীয় কংগ্রেস, সিপিআই, সিপিএম, তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং বিএসপি।

এডিআরের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাতটি দলের ২০১৬-১৭ অর্থবছরে মোট আয় হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ১৭ লাখ রুপি। এর মধ্যে বিজেপির একার আয় হলো ১ হাজার ৩৪ কোটি ২৭ লাখ রুপি। বিজেপির এই আয় সাতটি দলের মোট আয়ের ৬৬ দশমিক ৩৪ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় আসার পর গত দুই বছরে বিজেপির আয় বেড়েছে ৮১ দশমিক ১৮ শতাংশ। ২০১৪ সালে বিজেপির আয় ছিল ৫৭০ কোটি ৮৬ লাখ রুপি। পরবর্তী দুই বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ কোটি ২৭ লাখ রুপি।

অপর দিকে একই সময় কংগ্রেসের আয় কমেছে প্রায় ১৪ শতাংশ। কংগ্রেসের সর্বশেষ ২০১৪-১৫ সালে আয় ছিল ২৬১ কোটি ৫৬ লাখ রুপি। পরবর্তী বছরে তা কমে দাঁড়িয়েছে ২২৫ কোটি ৩৬ লাখ রুপি।

প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, ২০১৪-১৫ আর্থিক বছরে এই সাতটি দলের খরচ দেখানো হয়েছে ১ হাজার ২২৮ কোটি ২৬ লাখ রুপি। আবার খরচের নিরিখে ওই বছর বেশি ব্যয় করেছে বিজেপি। তাদের ব্যয়ের পরিমাণ ৭১০ কোটি ৫ লাখ রুপি। আয়ের নিরিখে এই সাত দলের মধ্যে সবচেয়ে নিচে সিপিআই। ২০১৬-১৭ আর্থিক বছরে তাদের আয় দেখানো হয়েছে ২ কোটি ৮ লাখ রুপি। বহুজন সমাজ পার্টির আয় দেখানো হয়েছে ২২৬ কোটি ৩২ লাখ রুপি। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির আয় হয়েছে ১৭ কোটি ২৪ লাখ রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থবছরে সিপিএমের আয় কমেছে ৬ দশমিক ৭২ শতাংশ। তৃণমূল কংগ্রেসের আয় কমেছে ৮১ দশমিক ৫২ শতাংশ। সব দলই তাদের আয়ের সূত্র হিসেবে বলেছে, ডোনেশন এবং অন্যান্য আর্থিক অনুদানই তাদের আয়ের মূল উৎস।