ভারতের নদীর পানি পাকিস্তানে গড়াতে দেব না: মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সিন্ধু নদের পানি পাকিস্তানে আর গড়িয়ে যেতে দেব না। এ নদের পানি “আমাদের কৃষকদের”।’ পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার এক জনসভায় নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

মোদি পাঞ্জাবের বাথিন্দা এলাকায় এক সমাবেশে বলেন, ‘সিন্ধু নদের পানিতে ভারতের অধিকার রয়েছে...এর পানি প্রবাহিত হয়ে পাকিস্তানে যায়। পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত ওই পানি সাগরে চলে যায়। সেই পানি ভারতের কৃষকদের। আমাদের কৃষকদের পর্যাপ্ত পানি দিতে আমাদের যা যা করা দরকার, তা-ই করব।’

কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, ‘দিল্লিতে সরকার আসে আর সরকার যায়...কেউ কৃষকদের সমস্যার ব্যাপারে মনোযোগ দেয়নি। পাকিস্তান এর পূর্ণ সুবিধা গ্রহণ করেছে, কিন্তু আর নয়। আইনসংগতভাবে যেটা কৃষকদের, সেটা তাঁরা পাবেন, আমি এ নিশ্চয়তা কৃষকদের দিতে চাই।’

গত সেপ্টেম্বরে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের জঙ্গি আস্তানায় ভারতের সেনাবাহিনীর চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হামলার ব্যাপারে মন্তব্য করে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান জানে না এটা কী আঘাত। দেশটি এখনো সেটির আঘাত থেকে বের হতে বা পুনরুদ্ধারের চেষ্টা করছে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান সিন্ধু-পানি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কাশ্মীরের ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়। ঠিক হয়, পশ্চিম দিকের তিনটি নদ-নদী সিন্ধু, চেনাব ও ঝিলমের পানির ওপর পাকিস্তানের পূর্ণ অধিকার থাকবে। আর পূর্ব প্রান্তের তিন নদী বিপাশা, ইরাবতী ও শতদ্রুর পানির ওপর নিয়ন্ত্রণ থাকবে ভারতের। চুক্তি অনুযায়ী, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের ২০ শতাংশ পানি ভারত চাষ, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারে। তবে এ পর্যন্ত কখনো ভারত তার দাবি আদায়ে সচেষ্ট হয়নি। তবে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হওয়ার পর ভারত সিন্ধুচুক্তি পুনর্বিবেচনার কথা বলছে। হামলার নেপথ্যে পাকিস্তান বলে অভিযোগ করে আসছে ভারত।

সিন্ধু নদ চুক্তি পুনর্বিবেচনার ভারতীয় উদ্যোগের বিষয়ে নিজেদের আপত্তির কথা বিশ্বব্যাংকের কাছে তুলে ধরেছে পাকিস্তান। তারা বিশ্বব্যাংকের কাছে ঝিলম ও চেনাব নদে ভারতের বাঁধ তৈরির প্রচেষ্টা বন্ধ করতে অনুরোধ করেছে।
সিন্ধু নদের পানিচুক্তির বিষয়ে বিশ্বব্যাংকের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে ভারত অসন্তোষ প্রকাশ করেছে। সিন্ধু নদের পানির হিস্যা নিয়ে গত সেপ্টেম্বরে নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না।

সিন্ধুচুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে পানিবণ্টন নিয়ে কোনো বিবাদ সৃষ্টি হলে তা সালিসের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে।