ভারতের নদীর বাঁধগুলো কতটা নিরাপদ?

ভারতে ৩০টিরও বেশি নদীর অববাহিকা রয়েছে। দেশটির ২৯ রাজ্যের ২২টিরই নদী অববাহিকায় নির্মাণ করা হয়েছে বড় বড় পাঁচ হাজার বাঁধ। এর মধ্যে অন্তত তিন হাজার বাঁধ গত ৫০ বছরে নির্মিত।
এসব বাঁধের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার ও বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাঁধগুলো পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিত। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে দেশটির সরকারের দাবি, বাঁধগুলো পুরোনো হলেও এগুলো নিয়মিত পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এবং পুরোপুরি নিরাপদ।
গতকাল রোববার বিবিসি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
ভারত সরকারের সাম্প্রতিক এক জরিপ সূত্রে জানা গেছে, দেশটির ৬০০টি বড় বাঁধ মারাত্মক ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।
২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর জাপানে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুেকন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সে সময় ওই এলাকায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর ভারতের নদীর ওপর নির্মিত বাঁধগুলোর সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে।
ভারত সরকারের দাবি, বড় ধরনের ভূমিকম্প বা সুনামি হলেও বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এগুলোর নিরাপত্তার বিষয়টি কিছুদিন পরপরই পর্যালোচনা করা হয়।
দেশটির ভূমি বিজ্ঞানবিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি পার্লামেন্টকে আশ্বস্ত করে বলেন, কেবল বাঁধই নয়, দেশের সব পারমাণবিক বিদ্যুেকন্দ্রও পরিদর্শন করা হয়েছে। এগুলো পুরোপুরি নিরাপদ।
তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের অনেকগুলো বাঁধ বেশ পুরোনো হওয়ায় ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। তাঁদের মতে, পুরোনো বাঁধগুলো অপসারণ করে সেখানে নতুন করে বাঁধ নির্মাণ করা জরুরি।
সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস-এর সমন্বয়ক হিমাংশু ঠাক্কার বলেন, অন্তত ১০০টি বড় বাঁধ এক শতাব্দী আগে নির্মিত হয়েছে। এদের বেশির ভাগই ঝুঁকিপূর্ণ।
এর জবাবে ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের প্রধান অশ্বিন পান্ডে বলেন, বাঁধগুলো সঠিক স্থানে অবস্থিত হওয়ায় দেশের লাখো মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এটা ঠিক যে এগুলোর নিরাপত্তার বিষয়টি সময়ে সময়ে পর্যালোচনা করা উচিত। তবে এগুলো যদি সরিয়ে দেওয়া হয়, তবে এর সঙ্গে যেসব মানুষের রুটি-রুজি জড়িত, তাদের কী হবে?
বিশেষজ্ঞ রামস্বামী আয়ারের মতে, ভারতে বাঁধ নির্মাণের আগে যথেষ্ট গবেষণা হয়নি। তিনি বলেন, বেশ কিছু বাঁধ বন্যাপ্রবণ, ভূমিধসপ্রবণ ও ভৌগোলিকভাবে দুর্বল এলাকায় অবস্থিত। এসব বাঁধ প্রকৃতিসৃষ্ট নয় বরং মনুষ্য সৃষ্ট। বাঁধগুলোর কারণে ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত পানির প্রবাহ চলাচলে বাধা পায়, যা ওই এলাকায় ছোট বা বড় ধরনের কম্পন সৃষ্টি করে।
ভারতে অতীতে বাঁধ দুর্ঘটনা
১. ১৯৭৯ সালে গুজরাট রাজ্যের মোরবি বাঁধ অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে ধসে পড়ে। এতে অন্তত পাঁচ হাজার মানুষের প্রাণহানি হয়। এ ছাড়া মোরবি ও রাজকোট এলাকার হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়।
২. ২০০৮ সালে বিহারে তীব্র বন্যার কারণে ভারত-নেপাল সীমান্তে সপ্তকোশি নদীর ওপর নির্মিত বাঁধ বিধ্বস্ত হয়ে যায়।
৩. ১৯৬৯ সালে মহারাষ্ট্র রাজ্যের কয়নানগর এলাকায় শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষ মারা যায়, আহত হয় কয়েক হাজার। ভারতের ভূতাত্ত্বিকদের মতে, বাঁধের কারণে পানি চলাচলে বাধা পেয়ে তৈরি হওয়া কম্পনই এ ভূমিকম্পের জন্য দায়ী।