ভারতের নারীদের অপেক্ষা করতে হবে ১৫১ বছর!
ভারতের নারীরা গড়ে ৬৭ শতাংশ বেতন কম পান পুরুষের চেয়ে। এই বেতনবৈষম্যের সমতা ফেরাতে ভারতের নারীদের ১৫১ বছর অপেক্ষা করতে হবে। আর এ চিত্র ফুটে উঠেছে পরামর্শক প্রতিষ্ঠান অ্যাক্সেচারের এ বছরের এক আন্তর্জাতিক সমীক্ষায়।
৩০টি বৃহৎ শিল্পের বিভিন্ন স্তরের পুরুষ ও নারী কর্মীদের মধ্যে বেতনবৈষম্যের ওপর সমীক্ষা চালিয়ে মিলেছে এই তথ্য। আজ বৃহস্পতিবার কলকাতার সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়েছে।
তাতে বলা হয়েছে, লিঙ্গজনিত বেতনবৈষম্যের ক্ষেত্রে ভারতের স্থান চলে এসেছে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে জাপান।
গতকাল বুধবার গোটা বিশ্বে পালিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। আর এই সময়েই এ বৈষম্যের চিত্র উঠে এল।
সমীক্ষা প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, ২০৩০ সালে এই বেতনবৈষম্য কমে এসে দাঁড়াবে ৫৭ শতাংশে। অর্থাৎ ২১৬৮ সালে ফিরবে এই বেতনবৈষম্য।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের মতো উন্নয়নশীল দেশেই নয়, বিশ্বজুড়েই নারী-পুরুষের মধ্যে বেতনের এই বৈষম্য চলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন নারীর যখন গড় বেতন ৬ হাজার ৬০০ রুপি, তখন পুরুষের গড় বেতন ৯ হাজার ৩০০ রুপি। এই ব্যবধানের চেয়েও গড়ে ভারতের ব্যবধান আরও বেশি। ভারতে কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম থাকায় এই বেতনবৈষম্যের হার বেশি।