ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কি সুষমা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

তাহলে কি সুষমা স্বরাজই হতে চলেছেন রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা? রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর বিজেপির অন্দরমহলে হঠাৎই এই আলোচনা বড় হয়ে দেখা দিয়েছে।

ভারতের নির্বাচন কমিশন গত বুধবার জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৭ জুলাই। ভোট গণনা ২০ জুলাই।

কংগ্রেসসহ ১৭টি দলের নেতারা আগেই জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ কাউকে প্রার্থী করে শাসক দল ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রপতিকে বেছে নিক। প্রণব মুখার্জিকে দ্বিতীয়বার মনোনীত করা হলে তাঁরা যে রাজি, তা-ও বুঝিয়ে দিয়েছেন। কিন্তু নির্বাচন অবধারিত হয়ে দাঁড়ালে তখন বিরোধী প্রার্থী ঠিক করা হবে। সে ক্ষেত্রে মোহনদাস করমচাঁদ গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধীর নাম বিরোধীরা বিবেচনা করতে পারেন। বিজেপি এখন পর্যন্ত মুখ না খুললেও বুধবার রাত থেকে দলের অন্দরমহলে হঠাৎই প্রবল আলোচনায় উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নাম।

বিজেপির এক শীর্ষ নেতা বুধবার রাতে প্রথম আলোকেবলেন, ‘শেষ পর্যন্ত দল কাকে পছন্দ করবে জানি না, তবে সুষমা স্বরাজের পক্ষে অনেকেরই মত রয়েছে।’

রাষ্ট্রপতি হিসেবে সুষমা স্বরাজ ছাড়াও ইতিমধ্যে বিজেপির অন্দরমহলে কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম আলোচনায় রয়েছে।

কেন তাঁরা সুষমাকে রাষ্ট্রপতি হিসেবে যোগ্য মনে করছেন, সেই ব্যাখ্যা দিয়ে বিজেপির ওই শীর্ষ নেতা বুধবার রাতে প্রথম আলোকেবলেন, দ্রৌপদী মুর্মু ও সুষমা স্বরাজ দুজনই যোগ্য। কিন্তু তুলনামূলক বিচারে দেখা যাবে, দেশ ও বহির্বিশ্বের কাছে সুষমা স্বরাজ অনেক বেশি পরিচিত। বস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই আন্তর্জাতিক স্তরে তাঁর পরিচিতি বেশি। গত তিন বছরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পৃথিবীর বহু দেশের নেতাদের সঙ্গে সুষমা একটা ব্যক্তিগত সখ্য গড়ে তুলেছেন। প্রণব মুখার্জির পর এই পরিচিতি সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। সুষমার সঙ্গে বিরোধী শিবিরের অনেকের সম্পর্কও ভালো। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নামে ঐকমত্য হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

দ্রৌপদী মুর্মুর রাজনৈতিক শক্তি ও প্রভাবও প্রবল। উপজাতি হওয়ার দরুন তাঁর রাজনৈতিক আবেদন ভিন্ন। সবচেয়ে বড় কথা, দ্রৌপদী ওডিশার রাজনীতিক, যে রাজ্য দখলে বিজেপি ইতিমধ্যে মরিয়া। সাম্প্রতিক অতীতে ওডিশায় কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি দুই নম্বর স্থানটি দখলে নিয়েছে।

প্রশ্ন হলো, সুষমা রাষ্ট্রপতি হলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন? বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ্য মন্ত্রী হওয়ার লোক বিশেষ নেই। মনোহর পারিকরকে গোয়ার মুখ্যমন্ত্রী করার ফলে এখনো কাউকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায়নি। অর্থমন্ত্রী অরুণ জেটলি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই মন্ত্রণালয়ের কাজ দেখছেন। এই অবস্থায় সুষমার মতো যোগ্য মন্ত্রী কে হতে পারেন?

বিজেপির ওই শীর্ষ নেতা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক যে দল ও সরকারে ট্যালেন্ট ডেফিসিট রয়েছে। সুষমাকে রাষ্ট্রপতি করা হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভায় বসুন্ধরা ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বসুন্ধরা পররাষ্ট্রমন্ত্রী হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারেন ওম মাথুর। মাথুরের সাংগঠনিক দক্ষতা প্রবল। উত্তর প্রদেশের নির্বাচনের দায়িত্ব দলের সভাপতি অমিত শাহ তাঁর ওপরেই ছেড়ে দিয়েছিলেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৪ জুন বিজ্ঞপ্তি জারি হবে। ২৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ জুন বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুলাই। রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।