ভারতের পররাষ্ট্রসচিব ইসলামাবাদে
ভারতের নতুন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে ইসলামাবাদ গেছেন।
বার্তা সংস্থা পিটিআই জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে গত রোববার প্রথমে ভুটান যান জয়শঙ্কর। সেখান থেকে গতকাল সোমবার যান ঢাকা। ঢাকা থেকে আজ ইসলামাবাদ গেছেন তিনি। কাল বুধবার যাবেন আফগানিস্তান।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের জন্য জয়শঙ্করকে সার্কভুক্ত দেশগুলোতে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই সফরে বের হয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব।
পাকিস্তান সফরের সময় দেশটির পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর।
ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনা বাতিল করার সাত মাস পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রসচিবেরা মুখোমুখি বৈঠকে বসছেন। আফগানিস্তানের উদ্দেশে কাল ইসলামাবাদ ছাড়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও বৈঠক করবেন জয়শঙ্কর।