বিজেপি নেতা দিলীপের শিক্ষাগত যোগ্যতার নথি ভুয়া?

ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চেয়েছেন কলকাতা হাইকোর্ট। দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বিজেপির বিধায়ক। ২০১৬ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে খড়গপুর আসন থেকে বিজয়ী হন।
বিজেপির বহিষ্কৃত নেতা অশোক সরকারের অভিযোগ, দিলীপ ঘোষ গত বিধানসভা নির্বাচন চলাকালে মনোনয়নপত্রের সঙ্গে যে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়েছেন তা ভুয়া। এই নিয়ে তিনি নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা–সংক্রান্ত যে নথি দিলীপ ঘোষ দিয়েছেন সেটি জাল।
বিজেপির বহিষ্কৃত নেতা কলকাতা হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা করেন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
দিলীপ ঘোষের আইনজীবী অনিন্দ্য মিত্র বলেন, এই মামলা গ্রহণযোগ্য নয়। কারণ, আবেদনকারীর এই মামলা করার এখতিয়ার নেই। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যাবতীয় নথি জমা দিয়েছেন এই জনপ্রতিনিধি। আদালতের তাই এ ব্যাপারে হস্তক্ষেপ করার জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি।
তবে আদালত বলেন, শিক্ষাগত যোগ্যতার জাল নথি জমা দিলে আদালত সে ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। এটা জনস্বার্থবিরোধী কাজ বলে মত দেন আদালত। আদালত এ–ও বলেন, জনপ্রতিনিধিরা নিজের কোনো ধরনের পরিচয় গোপন বা অসত্য বিবরণ দিতে পারেন না।
তবে নির্বাচন কমিশন আদালতে বলেছে, নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পর এ ধরনের অভিযোগের ভিত্তিতে তাঁরা কিছু করতে পারে না।
আবেদনকারী অশোক সরকার তাঁর আবেদনে বলেছেন, দিলীপ ঘোষ নির্বাচন কমিশনে ঝাড়গ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশংসাপত্র জমা দিয়েছিলেন। দেখা যায়, ওই নামে ঝাড়গ্রামে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই।
পরে দিলীপ ঘোষ জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি পাস করেছেন। এরপরে অশোক সরকার তথ্য অধিকার আইনবলে জানতে পারেন, ওই নামে কলেজ থাকলেও যে সময়ের কথা বলেছেন দিলীপ ঘোষ, সেই সময়ে ওই নামে কোনো ছাত্র ছিল না। এরপর হাইকোর্ট দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার নথি জমা দেওয়ার নির্দেশ দেন।
গ্রীষ্মের ছুটির পর হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন আদালত।