পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের রাজ্য বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে এই তফসিল ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনের নির্বাচন হবে ছয় দফায়।
প্রথম দফা ভোট হবে দুটি তারিখে। আগামী ৪ ও ১১ এপ্রিল। প্রথম দফায় ভোট নেওয়া হবে জঙ্গলমহলের মাওবাদী-অধ্যুষিত এলাকায়। ৪ এপ্রিল নেওয়া হবে ১৮টি আসনে এবং ১১ এপ্রিল নেওয়া হবে ৩১টি আসনে। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ১৭ এপ্রিল ৫৬টি আসনে। তৃতীয় দফার ভোট নেওয়া হবে ২১ এপ্রিল ৬২টি আসনে, চতুর্থ দফায় ভোট নেওয়া হবে ২৫ এপ্রিল ৪৯টি আসনে, পঞ্চম দফায় ৩০ এপ্রিল ৫০টি আসনে এবং শেষ বা ষষ্ঠ দফায় নেওয়া হবে ৫ মে ২৫টি আসনে। এই শেষ দফায় ভোট নেওয়া হবে কোচবিহারের সাবেক ছিটমহলবাসীদের ভোট। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের ফল ঘোষণা হবে একই দিন ১৯ মে। বাকি রাজ্য চারটি হলো তামিলনাড়ু, কেরালা, আসাম ও পদুচেরি (কেন্দ্রশাসিত অঞ্চল)। আসামের ভোট নেওয়া হবে ৪ ও ১১ এপ্রিল। তামিলনাড়ু, কেরালা এবং পদুচেরিতে ভোট নেওয়া হবে ১৬ মে একই দিনে। ৫ রাজ্যের ফলাফল ঘোষণা হবে ১৯ মে। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, এবারের এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য পশ্চিমবঙ্গে গত নির্বাচনের চেয়ে বেশিসংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে।