ভারতের পার্লামেন্ট সচল করতে ২৫ সাংসদকে বহিষ্কার
ভারতে সংসদের অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত কংগ্রেসের ২৫ জন সদস্যকে পাঁচ দিনের জন্য বহিষ্কার করলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। গতকাল সোমবার স্পিকারের এই সিদ্ধান্তের পর একে ‘হিটলারি আচরণের’ সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ভারতীয় গণতন্ত্রে এটি একটি ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
কংগ্রেস জানিয়েছে, স্পিকারের ওই সিদ্ধান্তের তারাও সিদ্ধান্ত নিয়েছে এই সপ্তাহ তারা লোকসভা বয়কট করবে। কংগ্রেসের সঙ্গে একাত্ম হয়ে একই ঘোষণা দিয়েছে বাম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং এনসিপি। তারাও এই পাঁচ দিন লোকসভায় যাবে না। অন্য সব বিরোধী দলও এ বিষয়ে কী করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে।
আইপিএলের সাবেক প্রধান ললিত মোদিকে সহযোগিতা করার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং ব্যপম কেলেঙ্কারিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগের দাবিতে কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো অনড়। সরকার ও বিজেপি আবার ওই তিনজনের পদত্যাগের বিরুদ্ধে। অচলাবস্থা কাটাতে স্পিকার নিজে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। কাজ হয়নি। সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু গতকাল দুপুরে দুই ঘণ্টা ধরে বিরোধীদের সঙ্গে বৈঠক করলেও কোনো সমাধানসূত্র পাওয়া যায়নি। এরপর বেলা তিনটায় স্লোগানমুখর লোকসভায় স্পিকার ২৫ জন সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন।
ললিত মোদিকে সহযোগিতা করার বিষয়টিকে বিজেপি আদৌ দুর্নীতি বলে মনে করে না। আর ব্যপম কেলেঙ্কারি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তাধীন। তদন্তে অপরাধ প্রমাণিত না হলে কোনো ব্যবস্থা নয়। কংগ্রেসসহ অন্য বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য—কমনওয়েলথ কেলেঙ্কারি, আদর্শ হাউজিং কেলেঙ্কারি, টুজি বা কয়লা কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কংগ্রেস সংশ্লিষ্ট মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। বিরোধীদের দাবিকে সম্মান দিয়ে তাঁদের ইস্তফা দিতে বাধ্য করেছিল। রেলমন্ত্রী পবন বনশাল, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুবোধ কান্ত সহায়, আইনমন্ত্রী অশ্বিনী কুমারকেও দল পদত্যাগ করতে বলেছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আগেই। তৎকালীন বিরোধী বিজেপির দাবি মেনেই সেসব পদক্ষেপ নিয়েছিল তারা। অথচ এখানে প্রধানমন্ত্রী এখনো একটিও মন্তব্য করেননি। পদত্যাগ করতেও বলা হয়নি। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে এ কথা জানিয়ে বলেন, বিজেপি নৈতিকতার ধার ধারে না। সাংসদদের বহিষ্কার করে নরেন্দ্র মোদি সারা দেশে গুজরাট মডেল কায়েম করতে চাইছেন। তারা বিরোধীশূন্য সংসদ চালাতে চায়।