ভারতের পার্লামেন্টে অচলাবস্থা
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির ভাষণকে কেন্দ্র করে ভারতীয় সংসদের অচলাবস্থা অব্যাহত। মন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদের দুই কক্ষে ভাষণের নিন্দা করে বিবৃতি দিয়েছেন। বিরোধীরা তবু সন্তুষ্ট নন। তাঁরা এ জাতীয় ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে চান। সরকারপক্ষও অনড়।
বিরোধীদের চাপে সাধ্বী নিরঞ্জন প্রথম দিনেই সংসদে ক্ষমা চান। তা সত্ত্বেও বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতি দাবি করেন। প্রধানমন্ত্রী সভায় এলে তাঁর বিবৃতি দাবি করা হয়। মোদি প্রথমে রাজ্যসভা ও পরে লোকসভায় ঘটনার নিন্দা করেন। গতকাল শুক্রবার লোকসভায় তিনি বলেন, এ ধরনের কথাবার্তা কারও বলা উচিত নয়। ওই মন্ত্রী গ্রামের মানুষ। প্রথমবার সাংসদ হয়েছেন। তিনি ভুল করেছেন। ক্ষমা চেয়েছেন। এখন সভা চলতে দেওয়া হোক। বিরোধীরা তাতে সন্তুষ্ট হননি। লোকসভায় তাঁরা ওয়াক আউট করেন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে রাজ্যসভাও সারা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়।
শরিকেরা ছাড়া এ ইস্যুতে মোদি সরকারের পাশে রয়েছে মাত্র চারটি দল। এআইএডিএমকে, টিআরএস, বিজেডি ও ওয়াইএসআর। এই দলগুলো বাদ দিলে বাকি সবাই এক জোট। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এসপি, বিএসপি, জেডি (ইউ), সিপিএম, সিপিআই, ডিএমকে ও এনসিপি—এই নয়টি দলের নেতারা গতকাল একটি বিবৃতি দিয়েছেন। তার মূল কথা, কারও নাম না করে অসংসদীয় ও অসাংবিধানিক বক্তব্যের বিরোধিতা ও নিন্দা করে তাঁরা একটি প্রস্তাব আনতে চান।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার চিফ হুইপ ডেরেক ও’ব্রায়ান বলেন, ‘আমরা সহযোগিতা করেছি বলেই সরকার এই কদিনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিল পাস করিয়েছে। নিন্দা প্রস্তাবে রাজি না হলে আমরা আর কোনো বিল পাস হতে দেব না।’