ভারতের প্রখ্যাত সাংবাদিক দিলীপ পদগাঁওকর পরলোকে
ভারতের প্রখ্যাত সাংবাদিক দিলীপ পদগাঁওকর আজ শুক্রবার পুনের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। বিভিন্ন ইস্যুতে ধর্মনিরপেক্ষ ও উদার দৃষ্টিভঙ্গির জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ভারতের দ্য হিন্দু দৈনিকের এক খবরে এ তথ্য জানা গেছে।
পুনের রুবি হল ক্লিনিকের পরিচালক সঞ্জয় পাথারে বলেন, হৃদ্যন্ত্র ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। চার দিন আগে তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
দিলীপ পদগাঁওকরের জন্ম ১৯৪৪ সালে পুনেতে। সাংবাদিক হিসেবে তাঁর যাত্রা শুরু ১৯৬৮ সালে প্যারিসে টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা হিসেবে। ১৯৮৮ সালে তিনি এই পত্রিকার সম্পাদক হন। ছয় বছর তিনি এই পদে ছিলেন।
বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় তিনি বলেন, দিলীপ পদগাঁওকর একজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী ছিলেন। সাংবাদিকতায় তাঁর অবদান চিরদিন স্মরণ করা হবে।