ভারতের প্রতিটি গ্রামে ১০০০ দিনের মধ্যে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিটি গ্রামে এক হাজার দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় দেওয়া ভাষণে এ কথা বলেন মোদি। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছে ভারত।
মোদি বলেন, স্বাধীনতার পর অনেক দশক পেরিয়ে গেলেও এখনো ভারতের সাড়ে ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ নেই। এই গ্রামগুলোকে এক হাজার দিনের মধ্যে বিদ্যুৎব্যবস্থার সঙ্গে যুক্ত করতে রাজ্য সরকার ও অন্য অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি।
ক্ষমতায় আসার পর ১৭ কোটি দরিদ্র মানুষকে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে দাবি করেন মোদি।
মোদি বলেন, ‘উন্নয়নের পিরামিডের পাদদেশে গরিব মানুষ। এই পিরামিডের ভিত মজবুত করতে হবে। গরিব মানুষের ক্ষমতায়ন হলে আমাদের কেউ ঠেকাতে পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কোনো সাদামাটা সকাল নয়। এটা স্বপ্নের প্রত্যাশার সকাল, ১২৫ কোটি ভারতীয়র আকাঙ্ক্ষার সকাল।’