ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ থেকে সাড়ে ৭ শতাংশ হবে। ভারতের বাজেট অধিবেশনের আগে তৈরি করা অর্থনৈতিক অবস্থার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ভারতের জাতীয় অর্থনৈতিক সমীক্ষা আজ সোমবার এ প্রতিবেদন দেয়।

সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে আজ সোমবার দেশের অর্থনৈতিক হালের যে প্রতিবেদন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পেশ করলেন, তাতেই দেশটির অর্থনীতির চিত্রটি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি আর্থিক বছর শেষে দেশের প্রবৃদ্ধি দাঁড়াবে পৌনে ৭ শতাংশ, যা সম্ভাব্য বৃদ্ধির তুলনায় দশমিক ২৫ শতাংশ বেশি। অর্থনৈতিক এই বৃদ্ধির কারণ হিসেবে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি), নোট বাতিলের সিদ্ধান্তসহ বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, যেগুলো ভবিষ্যৎ অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে সরকারি প্রতিবেদনের ধারণা। বলা হচ্ছে, এই হারে প্রবৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারতকে সবার আগে নিয়ে আসবে।
প্রতিবছর বাজেট পেশের আগে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। বাজেট কেমন হতে চলেছে, তার ইঙ্গিতও এই সমীক্ষার মধ্য দিয়ে পাওয়া যায়। সেই নিরিখে বলা যায়, যে দুই বিষয় নিয়ে সরকারকে সমালোচিত হতে হচ্ছে, সাম্প্রতিক ভোটেও যার প্রভাব পড়েছে, বাজেটে সে দিকে জোরালো দৃষ্টি দেওয়া হবে। বিষয় দুটি হলো কৃষিক্ষেত্রে অসন্তোষ ও কর্মসংস্থানে আকাল। জিএসটি নিয়ে যতটুকু নড়বড়ে অবস্থা রয়েছে, আগামী বছর সেগুলো ঠিক করে ফেলার কথা বলা হয়েছে। তবে সরকারের চিন্তার দিকটাও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি। ব্যারেল-প্রতি ১০ ডলার দাম বাড়ায় প্রবৃদ্ধির হার কমেছে দশমিক ৩ শতাংশ।
সমীক্ষাটি তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রক্ষ্মণ্যম। তিনি জানিয়েছেন, জিএসটি, খেলাপি ঋণের মোকাবিলায় ব্যাংকিং ক্ষেত্রসহ যেসব আর্থিক সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে, আশানুরূপ সাফল্য সে জন্যই। এই প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছর উৎপাদন শিল্পের বৃদ্ধি ঘটবে ৮ শতাংশ, কৃষি বৃদ্ধি হবে ২ দশমিক ১ শতাংশ। তিনি বলেন, নোট বাতিল ও জিএসটির ব্যাপক সমালোচনা হলেও এই দুই সিদ্ধান্ত প্রবৃদ্ধি বাড়ার অন্যতম প্রধান কারণ। সমীক্ষা অনুযায়ী, নোট বাতিলের পর দেশে প্রত্যক্ষ করদাতার সংখ্যা বেড়েছে ১৮ লাখ, পরোক্ষ কর বৃদ্ধির পরিমাণ ৫০ শতাংশ।