ভারতের বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে আজ শনিবার ভোরে সন্ত্রাসী হামলা হয়েছে। চার থেকে ছয়জন এই হামলা চালায়। পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের গোলাগুলি চলছিল।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভোর চারটার দিকে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়।

সীমান্তে দায়িত্ব পালনরত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কানওয়ার বিজয় প্রতাপ সিং জানান, পুলিশের গুলিতে দুজন হামলাকারী নিহত হয়েছে। অভিযান এখনো চলছে। বিমানঘাঁটি থেকে কিছুটা দূরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারী সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় চলছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। অভিযানে সহায়তার জন্য ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।