ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে চরম খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সরকারি ও বেসরকারি আবহাওয়া অফিস এ বছর ভালো বর্ষার আগাম আভাস দিলেও দেশের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে চরম খরাকবলিত। অনাবৃষ্টির কারণে চাষবাস আর জনজীবনে তো প্রভাব পড়েছেই, মহারাষ্ট্রের মুম্বাই ও পুনেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্রিকেট ম্যাচগুলোর ভবিষ্যৎ পর্যন্ত হয়ে পড়েছে অনিশ্চিত।
কয়েক মাস ধরে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, রাজস্থানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বিভিন্ন জেলা বৃষ্টিহীন। সবচেয়ে খারাপ হাল মহারাষ্ট্রের লাটুর এলাকায়। কেন্দ্রীয় উদ্যোগে লাটুরে ট্রেনে করে পানি সরবরাহ করতে হচ্ছে। প্রথম পানিবাহী ট্রেনটি পৌঁছায় গতকাল মঙ্গলবার। এ নিয়ে কৃতিত্ব দাবি করেছে রাজ্য বিজেপি ও কংগ্রেস দুই পক্ষই।
পরপর দুই বছরের অনাবৃষ্টি ভারতের বিভিন্ন রাজ্যের কৃষি উৎপাদনে থাবা বসিয়েছে। মাটির নিচের জলস্তর এতটাই নেমে গেছে যে লাটুর, তেলেঙ্গানা প্রভৃতি অঞ্চলে গভীর নলকূপ খনন করেও পানি মিলছে না। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে বলেছেন, তিনি আগামী দুই মাস, দিনে ১০ লাখ লিটার করে পানি মহারাষ্ট্রের জন্য দিতে প্রস্তুত আছেন, যদি কেন্দ্রীয় সরকার তা পাঠাতে সাহায্য করে।
এই বছর শীতের শেষ বেলায় অসময়ের বৃষ্টিতে উত্তর ভারতে গম ও অন্য ফসলের ক্ষতি হয়েছে। এখন পশ্চিম ও মধ্য ভারতের অনাবৃষ্টিও ফসলহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের ক্রিকেট বোর্ড আদালতকে জানিয়েছে, নিকাশি ব্যবস্থার ময়লা পানি পরিশ্রুত করে ক্রিকেট মাঠে ব্যবহার করা হচ্ছে। কোনোভাবেই পানীয় জল ব্যবহার করা হচ্ছে না। এরপরও তৃষ্ণার্ত সাধারণ মানুষের চেয়ে ক্রিকেট ম্যাচ গুরুত্বপূর্ণ কি না, বোম্বে হাইকোর্ট এই প্রশ্নও তুলেছে।