ভারতের ভোটার হচ্ছেন সাবেক বাংলাদেশি ছিটবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ভারতের নাগরিক হয়ে যাওয়া সাবেক বাংলাদেশি ছিটবাসীরা এবার দেশটির ভোটাধিকার পেতে যাচ্ছেন। আজ শুক্রবার রাজ্যসভায় এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই নতুন নাগরিকদের ভোটাধিকার দিতে আইন সংশোধনের এই বিলটি রাজ্যসভায় কোনো বিতর্ক ছাড়াই পাস হয়। আজ আইনমন্ত্রী ডিভি সদানন্দ গৌড় ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০১৬’ শীর্ষক বিলটি উপস্থাপন করেন। কোনো বিতর্ক ছাড়াই রাজ্যসভার সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়ে যায়।
বিলটি পাসের পর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার অধিবাসী শামসুল আলম বলেন, ‘ভারতীয় গণতন্ত্রে আমাদের ভোটার করাটা সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ।’ ছিটমহলের বাসিন্দা ছিলেন বলে ৭০ বছর বয়​সী শামসুল জীবনে ভোট দিতে পারেননি। তাঁর মতোই ছিটমহলের কোনো বাসিন্দার ভোটাধিকার ছিল না।
এর আগে গতকাল বৃহস্পতিবার লোকসভাতেও সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে ওই বিলটি পাস হয়। পরে তা রাজ্যসভায় পাঠানো হয়। ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই বিলটি পাস হওয়ায় আগামী ২৯ মে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে এবার ভোট দিতে পারবেন সাবেক ছিটমহলগুলোর বাসিন্দারা।