ভারতের মণিপুরে বিজেপির মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সাবেক সীমান্তরক্ষী নংথমবম বীরেন সিং। শপথ নিয়ে তিনি বলেছেন, রাজ্যকে অবরোধমুক্ত করাই তাঁর প্রধান কাজ।

আজ বুধবার দুপুরে রাজধানী ইম্ফলের রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক ফুটবলার তথা বিএসএফ কর্মী ৫৭ বছর বয়সী নংথমবম বীরেন শপথবাক্য পাঠ করেন। তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল নাজমা হেফতুল্লা। একই সঙ্গে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির ওয়াই জয়কুমার সিংও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
এদিন মোট আটজন মন্ত্রী শপথ নিলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারিত হবে।
গত ১ নভেম্বর থেকে মণিপুর সড়কপথ অবরুদ্ধ হয়ে রয়েছে। রাজ্যের দুটি জাতীয় সড়কই ইউনাইটেড নাগা কাউন্সিলের অবরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে রয়েছে মণিপুরবাসী। এ জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার লেগে রয়েছে।
আজ শপথ নিয়েই নংথমবম সাংবাদিকদের বলেন, শিগগিরই অবরোধ উঠবে। এর জন্য নতুন সরকার সব রকম চেষ্টা চালাবে। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপি মাত্র ২১টি আসন পেয়ে সরকার গঠন করেছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমরা ৩২ জন বিধায়ককেই সশরীরে রাজভবনে হাজির করতে করতে সক্ষম হয়েছি। তাই রাজ্যপাল আমাদেরই সরকার গড়তে ডেকেছেন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার চালাব।’
টানা ১৫ বছর মুখ্যমন্ত্রিত্ব করার পর রাজ্য বিধানসভায় একক বৃহত্তম দল কংগ্রেসের নেতা ওকরাম ইবোবি সিং বলেছেন, জনগণের রায় মাথা পেতে নিয়েই দায়িত্বশীল বিরোধী দলের কর্তব্য পালন করবে কংগ্রেস। কেনাবেচায় বিশ্বাসী নন তাঁরা।
বিএসএফের প্রথম সারির সাবেক ফুটবলার ২০০৩ থেকে গত বছরের অক্টোবর মাস পর্যন্ত কংগ্রেসেরই সদস্য ছিলেন। ছিলেন ইবোবি মন্ত্রিসভার সদস্যও। গত বছর ১৭ অক্টোবর তিনি বিজেপিতে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার আগে খবরের কাগজও চালিয়েছেন নংথমবম বীরেন সিং।