ভারতের মণিপুরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। আজ সোমবার স্থানীয় সময় ভোর চারটা ৩৬ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, উৎপত্তিস্থল ইম্ফলে অনেক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন ভবনের দেয়ালও ধসে পড়েছে। দেশটির আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে ভূমিকম্প অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই জানিয়েছেন এসব জায়গার অনেক ভবনে ফাটল ধরেছে।

ইম্ফলে নারীদের জনপ্রিয় বাজারের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম বিষয়ক মন্ত্রী রতন খুমুজাম ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা সুধীর কুমার বলেন, কেউ একজন তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন। ওঠার পরে দেখেন খুব জোরে সবকিছু কাঁপছে। গুয়াহাটিতে ভূমিকম্পের পর আতঙ্কে লোকজন দৌড়ে বাইরে খোলা জায়গায় চলে যায়।
ইম্ফলের বাসিন্দা শিবচন্দ্র সিং বলেন, ঝাঁকুনির পর তাঁর ঘরের সবকিছু পড়ে যায়।
ভারতের মণিপুরে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, গুয়াহাটি থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ভূমিকম্প দুর্গত এলাকায় গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে রয়েছেন। তাঁকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের মুখ্য সচিব সুরেশ বাবু টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভূমিকম্প দুর্গতদের সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
