ভারতের মণিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে চব্বিশ ঘণ্টার কম সময়ে তিন সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দুপুরে রাজ্যের ৩৭ নম্বর জাতীয় সড়কে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে প্রাণ হারান দুই নারীসহ ৮ জন। আহত হন ৭ জন। মিনিবাসটি জিরিবাম থেকে রাজধানী ইম্ফলে যাচ্ছিল। এ ছাড়া এদিন আরও একটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক প্রাণ হারান।
এর আগে রোববার দিবাগত রাত তিনটা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে আরেক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি বাস রাজধানী ইম্ফল থেকে ৯০ কিলোমিটার দূরে সেনাপতি জেলার মাও থানার কাছে সেতুতে ওঠার মুখে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় মানুষের পাশাপাশি পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। একই দিনে দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় রাজ্যে শোক নেমে আসে।
নাগা জাতিগোষ্ঠীর কর্মসূচিতে রাজ্যের দুটি জাতীয় সড়কই দীর্ঘদিন অবরুদ্ধ ছিল। ২১ মার্চ থেকে ফের চালু হয়েছে রাজ্যের ‘জীবনরেখা’ বলে পরিচিত সড়ক দুটি।