ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরব মার্কিন সিনেটররা
মার্কিন সিনেটের কয়েকজন সদস্য ভারতের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছেন। ৮ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ দেওয়ার প্রাক্কালে এ মনোভাব ব্যক্ত করলেন ওই সিনেটররা।
সিনেট বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির সদস্য বেঞ্জামিন এল কার্ডিন গত বুধবার ভারতের রাজধানীতে নারীর প্রতি সহিংসতার ঘটনা, সরকারের দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মানব পাচার রোধে আরও কার্যকর ভূমিকা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক দাসত্ব সূচক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ‘আধুনিক দাসত্বের’ মধ্যে বাস করে ১ কোটি ৮০ লাখ মানুষ। এদের বেশির ভাগই বলপূর্বক শ্রমের শিকার।
ভারতে দেওয়া কার্ডিনের এ বক্তব্যের আগে মার্কিন কংগ্রেসে এক শুনানিতে তিনি নিজে এবং বব করকার, টিমোথি এম কেইনসহ কয়েকজন সিনেটর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার কাছে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চান। তাঁরা মানব পাচার এবং গ্রিন পিস বা ফোর্ড ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিওর কাছ থেকে সহায়তা নেওয়ার বিষয়ে ভারত সরকারের কড়াকড়ির বিষয়ে প্রশ্ন তোলেন।
সিনেটর টিমোথি কেইন ভারতে গরুর মাংস খাওয়ার জন্য এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যার প্রসঙ্গ তোলেন।