ভারতের মেঘালয়ে মদের খালি বোতল কিনতে সরকারি নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যে মদের খালি বোতল কিনতে মদ বিক্রেতাদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বোতলের দামও ঠিক করে দেওয়া হয়েছে। পর্যটন শহর পরিচ্ছন্ন রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আগামী সোমবার থেকেই নতুন এই আইন কার্যকর হচ্ছে।

মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে হাজারো মদের দোকান। স্থানীয় লোকজনের পাশাপাশি পর্যটকেরাও সেখানে যান। শীতপ্রধান রাজ্যটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে মদের খালি বোতলের স্তূপ জমা হচ্ছে। এভাবে পুরো শহর মদের বোতলে নোংরা হচ্ছে।

জেলা প্রশাসক রাম সিং শহর পরিষ্কার রাখতে খালি মদের বোতল কিনতে বিজ্ঞপ্তি জারি করেছেন। বিয়ারের প্রতিটি খালি বোতল কিনতে হবে দুই রুপি করে। আর অন্যান্য মদের বোতলের দাম হবে এক রুপি।

জেলা প্রশাসকের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মদের খালি বোতল বিক্রির বিষয়টি পর্যবেক্ষণের জন্য একজন আবগারি পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তাঁর মোবাইল নম্বরও দেওয়া রয়েছে।

এই বিজ্ঞপ্তিতে খুশি মদ্যপায়ীরা। কারণ, বোতল ফেরত দিলে তাঁদের পকেটে কিছুটা হলেও পয়সা আসবে। খুশি পরিবেশপ্রেমীরাও। কারণ, পরিবেশদূষণ কিছুটা হলেও কমবে।

তবে বোতলের দাম মদ উৎপাদনকারী সংস্থা দেবে, নাকি সরকার দেবে, তা নিয়ে মদ বিক্রেতারা কিছুটা দোলাচলে রয়েছেন।