ভারতের মোঘলসরাই রেলস্টেশন এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন

ভারতের ঐতিহাসিক রেলস্টেশন মোঘলসরাইয়ের নাম বদলে দিয়েছে উত্তর প্রদেশের বিজেপির নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকার। নতুন নাম হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন।
গত বছরের আগস্টে হঠাৎ করেই যোগী সরকার এই জনপ্রিয় পুরোনো স্টেশনের নাম বদলানোর তোড়জোড় শুরু করে। সে সময় আদিত্যনাথ সরকার বলে, মুঘলরা বহিরাগত। এদের কোনো অস্তিত্ব এই দেশে রাখা যাবে না। ওই ঘোষণার পর গতকাল মঙ্গলবার কাগজে-কলমে নাম বদলে গেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, মোঘলসরাই রেলস্টেশনের নাম বদলে হলো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল জংশন।
উত্তর প্রদেশে অবস্থান এই মোঘলসরাই রেলস্টেশনের। এই জংশন ভারতবর্ষের মেরুদণ্ড বলা হয়। এটি ভারতের চতুর্থ ব্যস্ততম রেলস্টেশন। আর এই স্টেশনেরই রয়েছে এশিয়ার সর্ববৃহৎ রেল ইয়ার্ড। এই ইয়ার্ডের দৈর্ঘ্য ১২.৫০ কিলোমিটার। এখানে পাঁচ হাজার ওয়াগান রাখার ব্যবস্থা রয়েছে। ১৮৬২ সালে মোগলসরাই রেলস্টেশন প্রতিষ্ঠা হয়। হাওড়া-দিল্লি রেললাইন তৈরির সময় তৈরি হয় এটি।
অন্যদিকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা। ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) ঘরানার নেতা। তিনি জনসংঘের সভাপতিও ছিলেন।
দীনদয়াল উপাধ্যায় ১৯৬৮ সালের ১১ ফেব্রুয়ারি এই মোঘলসরাই স্টেশনের কাছে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপি এবং উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার মোঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করার উদ্যোগ নেয়। গত বছর দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে এই রেলস্টেশনের নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে করার প্রস্তাব দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এরপরই দেশের বিভিন্ন স্থান থেকে এই নামের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে। আপত্তি ওঠে ভারতের সংসদেও। দাবি ওঠে রেলস্টেশনের নাম যদি পরিবর্তন করতে হয়, তবে নামকরণ করা হোক ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নামে। কারণ, শাস্ত্রী জন্মেছিলেন এই মোঘলসরাইয়ে।