ভারতের রাজ্যসভায় অভিন্ন পণ্য ও পরিষেবা বিল
ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার দুই দিন আগে গতকাল মঙ্গলবার সরকার একরকম জোর করেই অভিন্ন পণ্য ও পরিষেবা বিল রাজ্যসভায় পেশ করল। বিলটি ঠেকাতে কংগ্রেসের সদস্যরা হট্টগোল শুরু করায় সভা দিনের মতো মুলতবি হয়ে যায়।
সংসদের উভয় কক্ষের যা হাল, তাতে দুই দিনের মধ্যে আলোচনা সেরে বিলটি পাস হওয়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবারই বর্ষাকালীন অধিবেশনের শেষ দিন।
অভিন্ন পণ্য ও পরিষেবা বিলটি পাস হলে বিভিন্ন পণ্যের পরিষেবা কর সারা দেশে এক হারে হবে। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এ এক বিরাট পদক্ষেপ। কংগ্রেসের আমলে ২০০৬ সালে এই উদ্যোগ নেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০১১ সালে বিলটি প্রথম এলেও তখনকার বিরোধী দল বিজেপি তা সমর্থন করেনি। নরেন্দ্র মোদির আমলে বিলটি সংশোধন করা হয়েছে।
গতকাল বিল পেশের সময় আপত্তি করে কংগ্রেস বলেছে, আলোচনার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ না করেই তা ‘জবরদস্তি’ পেশ করা হচ্ছে।
অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেসের নীতি দেশের পক্ষে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা চায় না, দেশ অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাক। অভিন্ন পণ্য পরিষেবা বিল সংবিধান সংশোধন বিল হওয়ায় দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি ও সমর্থন প্রয়োজন। রাজ্যসভায় সেই গরিষ্ঠতা বিজেপির জোট এনডিএর নেই।
রাজ্যসভার মতো লোকসভাতেও গতকাল কোনো বিল আলোচিত হয়নি। কংগ্রেসিদের প্রবল প্রতিরোধ সত্ত্বেও স্পিকার জোর করে অধিবেশন পরিচালনা করেন।