ভারতের রাজ্যসভায় নাবালক বিচার বিল পাস
নাবালক বিচার বিল রাজ্যসভায় কণ্ঠ ভোটে পাস হলো। নির্ভয়া-কাণ্ডের পর প্রচলিত আইনে সংশোধন এনে চলতি বছরের মে মাসে নাবালক বিচার বিলটি লোকসভায় পাস হয়েছিল। সেই কাণ্ডে অপরাধী নাবালকের মুক্তির পর কঠোর শাস্তির দাবিতে এই সংশোধন রাজ্যসভায় পাস করানোর দাবি ওঠে। আজ মঙ্গলবার পাঁচ ঘণ্টা আলোচনার পর বিলটি পাস হয়। যদিও নতুন বিল কার্যকর হবে কি না, তা নিয়ে বিতর্ক অব্যাহত।
এই বিল অনুযায়ী খুন, ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাস, ডাকাতি বা এই জাতীয় ঘৃণ্যতম অপরাধের একটা তালিকা তৈরি করা হয়েছে। ১৬ থেকে ১৮ বছরের কম বয়সী যেকোনো নাবালক অপরাধীকে নাবালক বিচার বোর্ডের সামনে হাজির করা হবে। সেই বোর্ড ঠিক করবে, অপরাধের গুরুত্ব কতখানি এবং সেই অনুযায়ী ঠিক করা হবে অপরাধের বিচার নাবালক নাকি সাধারণ আইনে হবে। সেই অনুযায়ী বিচার ও শাস্তি।
বিলটি পাস হওয়া উচিত, নাকি তাড়াহুড়ো না করে আরও আলোচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার—এ নিয়ে রাজ্যসভার সদস্যরা আজ একমত হতে পারেননি। তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়ান উত্তেজিতভাবে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে এমন ঘটলে আমি সেরা উকিল ভাড়া না করে বন্দুক এনে ধর্ষককে গুলি করে দিতাম। এই বিল ভালো হোক, মন্দ হোক অবিলম্বে পাস হওয়া দরকার।’ সিপিএমের সীতারাম ইয়েচুরি তড়িঘড়ি বিল পাসের বিরোধিতা করে বলেন, ‘নির্ভয়া-কাণ্ডের অপরাধী মুক্ত। পুরোনো অপরাধ এই আইনের আওতায় আসবে না। তাই তাড়াহুড়ো না করে সিলেক্ট কমিটিতে বিলটি পাঠিয়ে আরও ত্রুটিমুক্ত করা হোক।’ কিন্তু এই যুক্তি অগ্রাহ্য হয়। ফলে বাম দলের সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন।
বিলটি উত্থাপন করে নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী রাজ্যসভায় বলেন, বিলটি সুসংহত। অপরাধে নাবালকদের যুক্ত করা দ্রুত বেড়ে যাচ্ছে। কাশ্মীরি সন্ত্রাসীরা শিশু সংশোধনাগারে গিয়ে বাচ্চাদের সঙ্গে কী করছে? তাদের মগজধোলাই করা হচ্ছে। ১৬ বছরের বালক জানে ধর্ষণ করলে তাকে বড়জোর তিন বছর শোধনাগারে থাকতে হবে। তারপর সে মুক্ত। তিনি বলেন, এই বিল অনুযায়ী নাবালককে যদি সাবালকদের জেলে পাঠানো হয়, তা হলে সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানানো যাবে।
নির্ভয়ার পরিবার আজ রাজ্যসভার গ্যালারিতে উপস্থিত ছিলেন। সেখানে আসার আগে তাঁরা কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। রাহুল গান্ধী তাঁদের বলেছেন, বিলটি পাস করানোর চেষ্টা তিনি করবেন।